কামাল চৌধুরীর গ্রন্থের পাঠ উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি কামাল চৌধুরীর কয়েকটি কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠান হয়েছে গত শুক্রবার। বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।
গ্রন্থগুলোর মধ্যে বাংলা একাডেমি থেকে প্রকাশিত দুটি হলো নির্বাচিত কবিতা ও কবীর চৌধুরী অনূদিত সিলেক্টেড পোয়েমস অব কামাল চৌধুরীর দ্বিতীয় সংস্করণ। অনুষ্ঠানে আরও দুটি কাব্যগ্রন্থ ও দুটি মূল্যায়নগ্রন্থের পাঠ উন্মোচন হয়। এগুলো হলো মুক্তি ও স্বাধীনতা, হে মাটি পৃথিবীপুত্র, কামাল চৌধুরী: কবিতার নিরন্তর পর্যটক এবং কামাল চৌধুরী: প্রেম ও দ্রোহের কবি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, মন্ত্রিসভার বৈঠকে কামাল চৌধুরী প্রায়ই উপস্থিত থাকেন। বাক্য, শব্দ উচ্চারণের কোনো সমস্যা হলে তাঁকে ডাকা হয়, তিনি কোনটা ঠিক, কোনটা বেঠিক তা বলে দেন। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, কামাল চৌধুরী একজন গুরুত্বপূর্ণ কবি, তাঁর অনেক কবিতা তিনি আবৃত্তি করেছেন।
কামাল চৌধুরী বলেন, তিনি সব সময় কবিতাপথের একজন অতৃপ্ত পথিক হিসেবে থাকতে চান। কবি কামাল চৌধুরী নামে পরিচিত কামাল আবদুল নাসের চৌধুরী বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও আলোচনা করেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, লেখক ইমদাদুল হক মিলন, রুবী রহমান, মুহাম্মদ নূরুল হুদা, নাসির উদ্দীন ইউসুফ, হাবীবুল্লাহ সিরাজী, মোহাম্মদ সাদিক, লিয়াকত আলী লাকী, নাসির আহমেদ প্রমুখ।