কামাল মজুমদারের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাংসদের দপ্তরে আদালত’ শিরোনামে ১৭ আগস্ট প্রথম আলোতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সাংসদ কামাল আহমেদ মজুমদার। প্রতিবেদনটি ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে তিনি বলেন, ‘এ ধরনের সালিসি ব্যবস্থাকে আমি সঠিক বলে মনে করি। এর ফলে আমার জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।’
প্রতিবাদপত্রে কামাল মজুমদার বলেন, ১৯৯৬ সালে নির্বাচিত হওয়ার পর বিভিন্ন লোকজন তাঁর কাছে অভিযোগ নিয়ে আসতে থাকেন। এরপর তিনি সমাজের বিশিষ্ট ব্যক্তি ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে ‘সামাজিক সালিস কমিটি’ গঠন করেন। কমিটি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে। ২০০৮ সালে দ্বিতীয়বার এবং ২০১৪ সালে তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়ার পর তিনি একই ধরনের কমিটি করেন। কমিটি ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ২৫০টি আবেদন মীমাংসা করেছেন। আরও ৩০টি মীমাংসার অপেক্ষায় আছে।
প্রতিবাদে কামাল মজুমদার সামাজিক বিচার কমিটির পাঁচ সদস্যের পরিচয় তুলে ধরে বলেন, এঁরা সমাজের বিশিষ্ট ব্যক্তি। লোভ-লালসার ঊর্ধ্বে থেকে বিনা পারিশ্রমিকে তাঁরা স্বেচ্ছায় দায়িত্ব পালন করছেন। নির্যাতিত লোকজন ন্যায্য বিষয়ে আবেদন করলে তিনি সেটা সমঝোতার ভিত্তিতে সুষ্ঠুভাবে নিষ্পত্তির জন্য সালিস কমিটির কাছে পাঠিয়ে দেন। এরপর কমিটি শান্তিপূর্ণ ও সমঝোতার ভিত্তিতে বিষয়টি মীমাংসার জন্য দুই পক্ষকে কমিটির কাছে হাজির হতে বলেন। দুই পক্ষ হাজির হলে আলাপ-আলোচনা, সাক্ষ্য-প্রমাণ ও প্রয়োজনে সরেজমিন তদন্ত সাপেক্ষে দুই পক্ষের সম্মতিতে মীমাংসার জন্য দিনক্ষণ ঠিক করা হয়।
সাংসদ বলেন, প্রতিবেদনে মুক্তি হাউজিংয়ের এক ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে এর বাসিন্দা লুৎফুন্নেসা নাহারকে নিয়ে যে নোটিশের কথা উল্লেখ করা হয়েছে, তা সঠিক নয়। তিনি উল্টো অভিযোগ করে বলেন, লুৎফুন্নেসা নাহারের স্বামী অবসরপ্রাপ্ত সরকারির কর্মকর্তা হওয়ায় পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনারের সঙ্গে তাঁর সম্পর্ক আছে। এ কারণে কমিটির একাধিকবার অনুরোধের পরও তিনি সমঝোতা ও মীমাংসার জন্য সালিস কমিটির কাছে হাজির হননি।
প্রতিবেদকের বক্তব্য
প্রকাশিত প্রতিবেদনটি করা হয়েছে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে। প্রতিবেদনে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে, তার প্রায় সবই কামাল মজুমদার স্বীকার করেছেন। তবে তিনি তাঁর প্রতিবাদে এই সালিস কার্যক্রমের কারণে তাঁর জনপ্রিয়তা বাড়ছে বলে দাবি করলেও একাধিক সংবিধান বিশেষজ্ঞ প্রথম আলোকে বলেছেন, সংবিধান ও দেশের প্রচলিত আইন অনুসারে সাংসদদের কোনো বিচারিক ও নির্বাহী ক্ষমতা নেই। দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে তাঁরা পারিবারিক বা সামাজিক কোনো বিরোধ মীমাংসা করতে পারেন। কিন্তু এর বাইরে গিয়ে কাউকে হাজির করার নোটিশ দেওয়া, ভয় দেখানো বা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন না।
প্রতিবাদে কামাল আহমেদ মজুমদার তাঁর কমিটির সদস্যের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। কিন্তু প্রথম আলোর প্রতিবেদনে ব্যক্তি ধরে কোনো অভিযোগ আনা হয়নি।
প্রতিবাদে দাবি করা হয়, মুক্তি হাউজিংয়ের নারী বাসিন্দাকে যে নোটিশের কথা বলা হয়েছে, তা সঠিক নয়। কিন্তু কমিটির সদস্যদের সই করা সেই নোটিশের অনুলিপি প্রথম আলোর কাছে আছে। এতে বলা হয়েছে, ‘আপনি অত্র কার্যালয়ে হাজির না হয়ে থানায় জিডি করেছেন এবং বিষয়টি আইনি প্রক্রিয়ায় রয়েছে বলে অজুহাত সৃষ্টি করেছেন, সালিস কমিটিতে হাজির না হয়ে উদ্দেশ্যমূলক আচরণ করেছেন। সংসদ সদস্য কর্তৃক গঠিত কমিটিকে আমলে না নিয়ে অপমানিত করেছেন।’