কামাল লোহানীর বই নিয়ে নিউইয়র্কে আলোচনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা কামাল লোহানীর দুটি বই নিয়ে গত শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বই দুটি হলো মুক্তিসংগ্রামে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও যেন ভুলে না যাই।
অনুষ্ঠানের প্রথম পর্বে স্থানীয় বুদ্ধিজীবীদের কয়েকজন বই দুটি নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় পর্বে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন এবং দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কামাল লোহানী। অনুষ্ঠানের আয়োজক ছিল যুক্তরাষ্ট্র একুশে চেতনা পরিষদ।
১৯৭১-এ মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ছিলেন কামাল লোহানী। তিনি এই কেন্দ্র স্থাপনের ইতিহাস তুলে ধরে কেন্দ্রটি সচল রাখতে একদল তরুণ বেতার কর্মী ও মুক্তিযোদ্ধার কঠোর ত্যাগ ও পরিশ্রমের সবিস্তার বিবরণ দেন। কামাল লোহানী বলেন, মুক্তিযুদ্ধের প্রথম কয়েক মাস আগরতলায় একটি গোপন স্থান থেকে প্রতি সন্ধ্যায় বেতার অনুষ্ঠান প্রচারিত হতো। যে বেতারযন্ত্রটি তাঁরা কালুরঘাট থেকে নিয়ে আসেন, সে সময় সেটিই ছিল তাঁদের একমাত্র অবলম্বন।
কামাল লোহানী বলেন, রাশেদুল হাসান নামের এক তরুণ বিজ্ঞানীর দায়িত্ব ছিল বেতার ট্রান্সমিটারটি রক্ষণাবেক্ষণের। তিনি দুঃখ করে বলেন, এই বীর মুক্তিযোদ্ধা আজ পর্যন্ত সরকারিভাবে তাঁর সেই ভূমিকার যথাযথ স্বীকৃতি পাননি।