কামাল হোসেনকে আহ্বায়ক করে কমিটি, দুজনের না
সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন করে বিচাপতিদের অপসারনের ক্ষমতা সংসদকে দেওয়ার প্রস্তাব বিষয়ে বিচার, বিবেচনা ও সকলের মতামত নিতে হবে। এর বাইরে তড়িঘড়ি তরে সংবিধান সংশোধন করা হলে তা হবে অসংাবিধানিক। এ ব্যপারে আলোচনা করতে আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট আইনজীবীরা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘স্বাধীন বিচার বিভাগ, বিচারক নিয়োগ পদ্ধতি, বিচারকদের দায়বদ্ধতা ও অভিসংশন’ শীর্ষক আলোচনা সভায় আইনজীবীরা এ আহবান জানান।
সভা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন সব রাজনৈতিক মতভেদ ভুলে গিয়ে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে আট সদস্যের নাম প্রস্তাব করেন। তবে ওই কমিটিতে থাকছেন না বলে জানিয়েছেন আইনজীবী এম আমীর উল ইসলাম ও রোকন উদ্দিন মাহমুদ।
গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, মঈনুল হোসেন, খন্দকার মাহবুব হোসেন, রোকনউদ্দিন মাহমুদ, ড. শাহদীন মালিক, মাহবুব উদ্দিন খোকন বক্তব্য দেন। মূল বক্তব্য তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল বারি। সভাপতির বক্তব্য শেষ হওয়ার আগে খন্দকার মাহবুব হোসেন নাম প্রস্তাব করেন।
সভায় ড. কামাল হোসেন বলেন, আমরা সবাই সংবিধানের পক্ষে। সংবিধানের নিয়ন্ত্রণে দেশ চলতে হবে। সংবিধান যেখানে থাকে আমি সংখ্যাগরিষ্ট বললে চলে না। সংখ্যাগরিষ্ঠ অসাংবিধানিক হতে পারে। হঠাত্ করে কি প্রয়োজন হলো যে তড়িঘড়ি করে এ সংশোধনী আনতে হবে ? সবকিছু বিচার বিবেচনার দাবি রাখে। সংবিধানে কিন্তু বিচারপতিদের অভিসংশনের কথা বলা হয়নি। অভিসংশন হলো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর বেলায়। বিচারপতিদের বেলায় অপসারণের কথা বলা হয়েছে। তিনি বলেন, সংবিধানের সাত অনুচ্ছেদের অপব্যাখ্যা করা হচ্ছে। এ দলিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ স্বাক্ষর করেছিলেন। তড়িঘড়ি করে এ দলিলের সংশোধনী তাদের প্রতি অশ্রদ্ধা। তিনি বলেন, বিচার বিবেচনা না করে তড়িগড়ি করে সুপারসনিক গতিতে সংবিধান সংশোধন করা হলে তা অসাংবিধানিক হতে পারে। সংসদে যে বিল তোলা হয়েছে তাতে ভুল আছে। সংবিধান সংশোধন করতে সময় নিতে হবে। ৩ থেকে ৭ দিনের মধ্যে কেন করতে হবে। আলোচনা বিচার বিবেচনা করে সংবিধান সংশোধন করতে হবে। তিনি বলেন, বিলে ভুল ধরা হয়েছে। প্রস্তবায়ন ভুল, কে ড্রাফ করেছে এ ব্যপারে তদন্ত হওয়া উচিত।
জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর উল ইসলাম বলেন, বিশেষ প্রেক্ষাপটে ৭২ সংবিধানে সংসদকে বিচারপতি অপসারণের ক্ষমতা দেওয়া হয়েছিল। তখন সংসদ ছাড়া আমাদের সামনে কোন প্রতিষ্ঠান ছিল না। তখন আমাদের কাছে ৪৩ বছরের অভিজ্ঞতা ছিল না। তিনি বিচারপতি নিয়োগ ও অপসারণের ব্যাপারে একটি লিখিত পেপার তৈরির জন্য আইনজীবীদের প্রতি আহবান জানান।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, সমপ্রচার নীতিমালা করে গণমাধ্যমকে বাক্সবন্দী করেছে। এবার বিচার বিভাগে হাত দিয়েছে। আসুন ঐক্যবদ্ধ প্রতিরোধ করি। ড. কামাল হোসেন উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনার নেতৃত্বে সর্বদলীয় প্ল্যাটফর্ম করুন। নেতৃত্ব দিতে হবে, সময় এসেছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি রোকন উদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশে ১৯৭৩, ২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে ক্ষমতাসীন দলের দুই-তৃতীতাংশ সমর্থন ছিল। এখন ভবিষ্যতে কোনো সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের যদি দুই-তৃতীয়াংশ সমর্থন না থাকে তাহলে কি বড় ধরনের অপরাধ করলেও বিচারপতিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তিনি বলেন, চতুর্থ সংশোধনীর আগেও বাংলাদেশে বিচারপতি অপসারণের ব্যাপারে কোনো আইন ছিলো না। এখন শুনছি আইন হবে। আমি শুনেছি আইনমন্ত্রী নাকি বলেছেন, সেখানে প্রধান বিচারপতি থাকবেন না। সাবেক প্রধান বিচারপতি এবং সাবেক দুই বিচারপতির সমন্বয়ে কমিটি হবে। শুনেছি বিচারপতি এ বি এম খায়রুল হকের পরামর্শেই সংবিধানে এ সংশোধনী আনা হচ্ছে। তিনি সাত অনুচ্ছেদের জবাবদিহিতার কথা বলেছেন। তার কাছে আমার একটা প্রশ্ন। আপনি যখন পঞ্চম সংশোধনী মামলার রায় দেন তখনও সাত অনুচ্ছেদ ছিল। তাহলে আপনি কেন তখন ৯৬ অনুচ্ছেদ বহাল রাখলেন ? এখানে এসে তার এ প্রশ্নের উত্তর দিতে হবে না। আশাকরি সাংবাদিকদের মাধ্যমে তিনি আমার প্রশ্নের উত্তর দেবেন।
রোকন উদ্দিন মাহমুদ আরও বলেন, সবাই সংশোধনীর কথা বলছেন। এখন কি বিচারপতিরা স্বাধীনভাবে কাজ করছেন ? রাজনৈতিক দলের উদ্দেশ্যে হাসিলের জন্য সংবিধানে সংশোধনী আনা হলে তা হবে অত্যন্ত দুঃখজনক। বিশেষ উদ্দেশ্যে সংবিধান সংশোধন করে বিচারপতিদের বয়স বাড়ানো হয়েছিল। কিন্তু যাকে প্রধান উপদেষ্টা বানাতে সংবিধান সংশোধন করা হয়েছিল তিনি হতে পারেননি।
বিলে মিথ্য কথা বলা হয়েছে মন্তব্য করে আইনজীবী শাহদীন মালিক বলেন, বিলটির ভূমিকায় দুটি মিথ্যা কথা বলা আছে। এটা ফ্রট অব দ্যা নেশন। বিলটি পড়ে মনে হচ্ছে ৭২ সালের ক্ষমতা ৭৮ সালে কেড়ে নেওয়া হয়। মূলত এটা হয়েছে ৭৫ সালে। বলা হয়েছে, ৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনপ্রবর্তনের জন্য ওই বিল আনা হয়েছে। এ জায়গায় মিল নেই। ৭২ সালের সংবিধানে বিচারপতিদের বয়সসীমা ছিল ৬২ বছর। কিন্তু বিলে লেখা ৬৭ বছর। প্রস্তাবিত সংশোধনীতে মূল সংবিধানের ৭২ অনুচ্ছেদ হুহহুব ফিরছে না। কারণ তখন বিচারপতিদের অবসরের বয়সসীমা আর এখনকার বয়সসীমা এক নয়। শাহদীন মালিক বলেন, সংসদ সদস্যরা কথায় কথায় অন্যান্য দেশের সংসদ সদস্যদের কথা বলে থাকেন। পশ্চিমা বিশ্বের সংসদ সদস্যরাও তাদের বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে বিল পাস করে থাকেন। তবে ওইসব বিল কার্যকর হয় পরবর্তী সংসদ থেকে। আমাদের সংসদ সদস্যরা নিজেদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য নিজেরা সংসদ সদস্য থাকতেই আইন পাস করে কার্যকর করেন। পারলে সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য এমন আইন করেন যা পরবর্তী সংসদে কার্যকর হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, গত ৪৩ বছরে বিচার বিভাগ অনেক বাধা অতিক্রম করে আজকের অবস্থানে এসেছে। কিন্তু সংসদে উত্থাপিত সংবিধানের ১৬ তম সংশোধনী যদি পাস হয় তাহলে বিচার বিভাগের সব অর্জন ধুলিসাত্ হয়ে যাবে। বিচার বিভাগ শক্তিশালী না হলে গণতন্ত্র শক্তিশালী হয় না। তিনি বলেন, বিচার বিভাগের বিরুদ্ধে অশুভ তত্পরতা চলছে। এই তত্পরতা বন্ধ করতে আইনজীবীদের ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান তিনি।
নাম প্রস্তাব ও নাকচ
সভাপতির বক্তব্য শেষ হওয়ার আগে খন্দকার মাহবুব হোসেন নাম প্রস্তাব করেন। ঘোষণা অনুসারে, এম আমীর উল ইসলাম, মঈনুল হোসেন, খন্দকার মাহবুব হোসেন, রোকনউদ্দিন মাহমুদ, শাহদীন মালিক, মাহবুব উদ্দিন খোকন সদস্য সচিব, সুব্রত চৌধুরী সহ-সদস্য সচিব।
তবে মুঠোফোনে এম আমীর-উল ইসলাম বলেন, ওটা মতবিনিময় সভা ছিল। কমিটি গঠনের কোনো এজেন্ডা ছিল না। গণতান্ত্রিক আইনজীবী সমিতিরও এ বিষয়ে এডেন্ডা ছিল। এটা সাবেক সভাপতিরা বসে আলোচনা করে করনীয় নির্ধারণ করা হবে। হঠাত্ করে সমিতির সভাপতি নাম ঘোষণা করায় তিনি বিব্রতবোধ করেছেন বলে জানান।
রোকন উদ্দিন মাহমুদ বলেন, আমার সঙ্গে আলোচনা না করেই ও মতামত না নিয়েই আমরা নাম ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবীর সভা নয়। এটা ঠিক হয়নি। আমি কমিটির সঙ্গে থাকছি না বলে তাত্ক্ষনিক তাকে জানিয়ে দিয়েছি।