কামালউদ্দিন হল প্রশাসনের সব শিক্ষকের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগ নিয়ে সৃষ্ট জটিলতার জের ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের ছাত্রলীগের নেতা-কর্মীদের চাপে গতকাল মঙ্গলবার হলটির প্রাধ্যক্ষসহ নয়জন শিক্ষক পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
হল প্রশাসন সূত্রের বিবরণ অনুযায়ী, প্রায় পাঁচ মাস আগে হলের বাবুর্চি পদে ছাত্রলীগের পছন্দের প্রার্থীকে বাদ দিয়ে অন্য একজনকে নিয়োগ দেয় হল প্রশাসন। এর জের ধরে সম্প্রতি হলের ছাত্রলীগের নেতা-কর্মীরা শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। সম্প্রতি হল পরিদর্শনে গেলে ছাত্রলীগের আশ্রয়ে থাকা অছাত্ররা শিক্ষকদের বাধা দেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল দুপুর ১২টার দিকে হল প্রশাসনের সঙ্গে যুক্ত নয়জন শিক্ষক উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন। এর আগে বেলা ১১টার দিকে হলের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রাধ্যক্ষ মু. নজিবুর রহমানের অপসারণের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেওয়া হয়। বিভিন্ন প্রশাসনিক অব্যবস্থাপনার কথা উল্লেখ করে প্রাধ্যক্ষের অপসারণ দাবি করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষার্থী বলেন, ‘প্রশাসনিক অব্যবস্থাপনায় হলের শিক্ষার্থীরা ভোগান্তি পোহাচ্ছেন। হল প্রশাসন তা নিরসনে উদ্যোগ নিচ্ছে না। এ পরিস্থিতিতে আমরা উপাচার্যের কাছে প্রাধ্যক্ষের অপসারণ দাবি করেছি।’
এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করেও মু. নজিবুর রহমানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। হলের আবাসিক শিক্ষক ফখরুল ইসলাম বলেন, ‘নিয়োগ নিয়ে জটিলতার জের ধরে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তাই সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে হল প্রশাসনের সব শিক্ষক পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।’ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভূঁইয়া মো. এনামুল হাসান বলেন, নিয়োগ জটিলতাকে কেন্দ্র করে এ পরিস্থিতি হয়নি। হলের অব্যবস্থাপনা আর শিক্ষার্থীদের ভোগান্তির কারণে শিক্ষার্থীরা প্রাধ্যক্ষের অপসারণ দাবি করেছেন।