বরিশাল মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ারের সমর্থকেরা গতকাল মঙ্গলবার জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামালের সমর্থকদের ওপর হামলা চালান। পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষকে লাঠিপেটা করে পুলিশ। এ ঘটনায় ১০ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদা জিয়ার তৃতীয় কারা মুক্তি দিবস উপলক্ষে কামাল-সমর্থকেরা আদালত চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন। সমাবেশ শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিলকিস আক্তার জাহানের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরের ফজলুল হক এভিনিউ এলাকায় পৌঁছালে সরোয়ারপন্থীরা হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে পেছন থেকে মিছিলে হামলা চালান। হামলার মুখে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।পরে কামাল-সমর্থকেরা একত্র হয়ে সরোয়ার-সমর্থক নেতা-কর্মীদের ধাওয়া করেন। একপর্যায়ে কামাল-সমর্থকেরা নগরের কাকলী হল মোড়ে সমাবেশ করেন। ওই সমাবেশে পুলিশ এসে লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় হামলাকারীরা একটি প্রাইভেট কার, একটি অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশায় ভাঙচুর করেন। এ সময় পুলিশ ১০ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি গাজী আসলাম টিপুসহ অপর দুই কর্মীকে আটক করে। পরে নগরের অশ্বিনীকুমার হল চত্বর এলাকা থেকে আরও সাত নেতা-কর্মীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন: ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি বাবুল খান, কর্মী আনোয়ার হোসেন, মো. বাবুল, মো. ফারুক, বাবুল সরদার, মিজান, আবদুর রহিম ও রাজু হাওলাদার।সরোয়ারকে উদ্দেশ করে বিলকিস আক্তার প্রথম আলোকে বলেন, এক ব্যক্তির একক প্রভাব প্রতিষ্ঠার জন্য বিএনপি নামধারী সন্ত্রাসীরা মিছিলে হামলা চালিয়েছে।সরোয়ার-সমর্থক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম প্রথম আলোকে বলেন, যাঁরা বরিশাল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, তাঁরা কর্মসূচি পালন করতে গেলে তাঁদের ওপর বিক্ষুব্ধ নেতা-কর্মীরা হামলা চালান।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুজ্জামান বলেন, বিএনপির এক পক্ষের মিছিলে অপর পক্ষ হামলা করেছে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।