কামালপুরে শহীদ দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর শহীদ দিবস আজ শুক্রবার। ১৯৭১ সালের এই দিনে ওই এলাকায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি বাহিনীর সম্মুখযুদ্ধে ক্যাপ্টেন সালাহউদ্দিনসহ ৬৬ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। এরপর থেকে ওই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হচ্ছে।
বকশীগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধে উত্তর রণাঙ্গনের ১১ নম্বর সেক্টরের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর শক্তিশালী ঘাঁটি ছিল ধানুয়া কামালপুর এলাকা। তাই ওই ঘাঁটি মুক্ত করার কাজটি মুক্তিযোদ্ধাদের জন্য সহজ ছিল না। ওই ঘাঁটির পতন ঘটাতে যুদ্ধের সময় বারবার পরিকল্পনা আর আক্রমণ করতে হয়েছে মুক্তিযোদ্ধাদের। ওই ঘাঁটি হানাদারমুক্ত করতে সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হয় ১৯৭১ সালের ৩১ জুলাই। ওই দিনের যুদ্ধে শহীদ হন মুক্তিযোদ্ধা কমান্ডার ক্যাপ্টেন সালাহউদ্দিন মমতাজসহ ৬৬ জন। কামালপুরের মতো একে একে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোয় বিজয় পতাকা উড়িয়ে মুক্তিযোদ্ধারা উপনীত হন ঢাকার উপকণ্ঠে।
বকশীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মফিজ উদ্দিন বলেন, ‘ওই যুদ্ধে হানাদার বাহিনীর ৭০ জন সদস্য নিহত হয়। এখনো গা শিউরে ওঠে কামালপুর যুদ্ধের কথা মনে হলে।’