কামালসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামালসহ পাঁচজনের বিরুদ্ধে ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের একটি মামলায় অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গতকাল মঙ্গলবার জেলা দুদকের সহকারী পরিচালক এম এইচ রহমতউল্লাহ এ অভিযোগপত্র দাখিল করেন।অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন: তৎকালীন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ইসহাক, সহকারী প্রকৌশলী খান মো. নূরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মো. আবদুস সাত্তার ও ভুয়া ঠিকাদার মো. জাকির হোসেন। তাঁদের মধ্যে ইসহাক আলী পলাতক রয়েছেন। আর আহসান হাবিব কামাল, নূরুল ইসলাম, আবদুস সাত্তার ও জাকির হোসেন আছেন জামিনে।এ ছাড়া এ ঘটনায় তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও উপসহকারী প্রকৌশলী লুৎফর রহমানের জড়িত থাকার কোনো প্রমাণ না পাওয়ায় তাঁদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে।অভিযোগপত্র থেকে জানা গেছে, ১৯৯৫-৯৬ সালে আহসান হাবিব কামাল বরিশাল পৌরসভার মেয়র থাকাকালীন পৌর এলাকায় ভূগর্ভস্থ টেলিফোন লাইন স্থাপনের সময় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের জন্য টেলিফোন শিল্প সংস্থা তিন কিস্তিতে ৪৫ লাখ টাকা দেয়। কিন্তু মেয়র কোনো দরপত্র আহ্বান না করে এবং ঠিকাদার নিয়োগ না দিয়েই মেসার্স হাই ইয়ান এন্টারপ্রাইজ নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের নামে ২৭ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। এ কাজে সহযোগিতা করেন অভিযোগপত্রে উল্লেখিত ব্যক্তিরা।অর্থ আত্মসাতের এ ঘটনায় ২০০০ সালের ১১ অক্টোবর জেলা দুর্নীতি দমন ব্যুরোয় একটি মামলা করা হয়। দুই দফা তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।