রাজধানীতে সড়ক ভবনে গুলির ঘটনায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অফিস সহকারী ও সরকার-সমর্থক সওজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক খন্দকার কামালউদ্দিন এবং সওজের ক্যাশ সরকার ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাতে সেগুনবাগিচা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গত ১২ জুনের ওই ঘটনায় পরদিন সওজের স্টোরকিপার আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। ১৮ জুন কামালউদ্দিন ও ফজলুর রহমানকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়।গতকাল বৃহস্পতিবার র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক ভবনে কোটি টাকার টেন্ডার এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কামালউদ্দিন এবং শামীম শাহরিয়ার-ফরিদ আহম্মেদ সেন্টু গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। একপর্যায়ে ১২ জুন বিকেলে কামাল গ্রুপ হত্যার উদ্দেশ্যে শামীম-সেন্টু গ্রুপের ওপর হামলা ও এলোপাতাড়ি গুলি করে। এতে শামীম শাহরিয়ারসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। ঘটনার পর অপরাধীদের গ্রেপ্তারে র্যাব-৩-এর একটি দল মাঠপর্যায়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার রাত ১১টার দিকে কামাল ও ফজলুরকে গ্রেপ্তার করা হয়।গুলির ঘটনার পর গোলাম আযম মামুন নামের এক ঠিকাদার এ ব্যাপারে শাহবাগ থানায় মামলা করেন। পুলিশ ও র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া তিনজনই এ মামলার আসামি। ঘটনা তদন্তে যোগাযোগ মন্ত্রণালয় তিন সদস্যের একটি কমিটি করে। গতকাল কমিটির প্রতিবেদন দেওয়ার কথা ছিল। তবে তা দেওয়া হয়েছে কি না, সে ব্যাপারে কেউ মুখ খোলেনি।এদিকে ওই দিনের ঘটনায় দরপত্র ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগ এনে স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক শামীম শাহরিয়ারসহ ছয়জনের বিরুদ্ধে বুধবার আদালতে মামলা করেন ৩/১১ গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস স্টাফ কোয়ার্টারের বাসিন্দা ও মঈন এন্টারপ্রাইজের মালিক মঈন উদ্দিন। ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান বাদীর অভিযোগের বিষয়ে তদন্ত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।এ মামলার অপর পাঁচ আসামি হলেন, ফরিদ আহমেদ ওরফে ধলা সেন্টু, হুমায়ুন কবির, মতিউর রহমান, ইকবাল হোসেন ও খোকন।