কামালের জামিনের আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে বর্ষবরণের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় গ্রেপ্তার করা মো. কামালের জামিনের আবেদন নাকচ করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম তসরুজ্জামান শুনানি শেষে এই আদেশ দেন।
গত ২৭ জানুয়ারি রাজধানীর চকবাজারের খাজে দেওয়ান রোডের প্রথম লেন থেকে মো. কামালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। বর্ষবরণের দিনে নারী লাঞ্ছনার ঘটনায় করা মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করেন ওই মামলার তদন্ত কর্মকর্তা। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২৩ ফেব্রুয়ারি মামলাটি পুনরুজ্জীবিত করার বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন। মো. কামালকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বর্তমানে কারাগারে আছেন।
২০১৫ সালের ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের লাঞ্ছনার পর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আট লাঞ্ছনাকারীকে শনাক্তের পর গণমাধ্যমে তাদের ছবি প্রকাশ করে পুলিশ। তাদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। কেউ গ্রেপ্তার না হওয়ায় গত বছরের ২২ ডিসেম্বর মামলাটিতে ডিবি পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।