কামড় অবিরাম, নিধনে নেই গতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে মশার উৎপাত বেড়েছে। সন্ধ্যা থেকে রাত, এমনকি দিনেও নিস্তার নেই মশার কামড় থেকে। ফুটপাত থেকে বাসাবাড়ি—সব জায়গায় এখন মশার উপদ্রব। মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী।

উপদ্রব বাড়লেও মশক নিধনে চট্টগ্রাম সিটি করপোরেশনের কার্যক্রম চোখে পড়ছে না বলে বিভিন্ন এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন। তাঁদের মতে, বছরের এই সময়ে সিটি করপোরেশনের লোকজন এলাকায় এলাকায় এসে নালা-নর্দমা ও ভবনের আশপাশের জায়গায় ওষুধ ছিটিয়ে যেতেন। কিন্তু এই মৌসুমে তা দেখা যায়নি।

চট্টগ্রামের শুলকবহর এলাকার বাসিন্দা রুহি রায় গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, আগের বছর এই সময়ে সিটি করপোরেশনের লোকজন নালা-নর্দমা ও ভবনের আশপাশে ওষুধ ছিটিয়ে যেতেন। কিন্তু এ বছর এখনো তাঁদের দেখা যায়নি। ঘরে কয়েল জ্বালিয়ে ও মশা মারার ওষুধ স্প্রে করেও মশার উৎপাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না।

একই অভিযোগ করলেন নগরের পশ্চিম বাকলিয়ার বাসিন্দা চাকরিজীবী ওমর ফারুক, নাসিরাবাদের বাসিন্দা ও ছাত্র সাদ্দাম হোসেন, কাজীর দেউরির গৃহিণী লক্ষ্মী বিশ্বাস।

চিকিৎসকেরা মশক নিধনে নালা-নর্দমা ও ডোবা নিয়মিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করার ওপর জোর দিয়েছেন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, মশার কারণে ম্যালেরিয়া, ডেঙ্গু, অ্যালার্জি ও চর্মরোগ হয়। বদ্ধ ডোবা-নালায় মশা প্রজনন হয় বেশি। এ জন্য এসব জায়গা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

সিটি করপোরেশন সূত্র জানায়, সাধারণত নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সময়ে মশক নিধনে নগরের বিভিন্ন এলাকায় ওষুধ ছিটানো হয়। বছরের এই সময়ে লার্ভি ডি সাইড (কালো তেল) ও এডাল্ট ডি সাইড নামের দুই ধরনের ওষুধ ছিটানো হতো। চলতি অর্থবছরে (২০১৫-১৬) মশক নিধন কার্যক্রমে ১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত অর্থবছরে বরাদ্দ ছিল সাড়ে সাত কোটি টাকা।

সিটি করপোরেশনের কর্মকর্তারা ওষুধ ছিটিয়ে মশক নিধন কার্যক্রম সীমিত হয়ে পড়ার বিষয়টি স্বীকার করেছেন। তাঁদের মতে, এই মৌসুমে মশক নিধন কার্যক্রমের পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম সীমিত পর্যায়ে চলছে। আগের মতো মশক নিধনে নগরের অলি-গলিতে কার্যক্রম পরিচালনা করতে পারছি না, এটা ঠিক। তবে মশক নিধনে এবার আমরা পরিকল্পনা পরিবর্তন করেছি। মশার প্রজননক্ষেত্র যেমন নালা-নর্দমা ও ডোবা পরিষ্কার করা হবে। এ ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর আমরা বেশি জোর দিয়েছি। এটাও মশক নিধন কার্যক্রমের একটি অংশ।’ শফিউল আলম জানান, নগরের নালা-নর্দমা পরিষ্কার করার জন্য ঠিকাদারদের কার্যাদেশ দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরপর নালা-নর্দমা পরিষ্কারের কাজ শুরু হবে। তখন মশার উপদ্রব থাকবে না।

গত বছরের ১১ ডিসেম্বর অনুষ্ঠিত সিটি করপোরেশনের সাধারণ সভায় মশক নিধন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এই সভায় এক কাউন্সিলর বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় এলাকায় মশার ওষুধ ছিটানোর কাজ বন্ধ রয়েছে। এতে মশার উপদ্রব বেড়ে যাচ্ছে। একই সভায় মেয়র বলেন, মশার ওষুধ ছিটানোতে অনেক অর্থের অপচয় হয়। তাই মশার প্রজননস্থল, নালা-নর্দমা ও ডোবা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।