কায়রো সম্মেলনের ২০ বছর ও বাংলাদেশের প্রজননস্বাস্থ্য

১৩ আগস্ট ২০১৪, প্রথম আলোর আয়োজনে ‘কায়রো সম্মেলনের ২০ বছর ও বাংলাদেশের প্রজননস্বাস্থ্য’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো।
সহযোগিতায় রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসেস, ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম (আরএইচস্টেপ) এবং সুইডিশ দূতাবাস
আলোচনায় সুপারিশ
বাল্যবিবাহ কমাতে হবে। অল্প বয়সে গর্ভধারণ কমাতে হবে। সমাজে সচেতনতা বাড়াতে হবে
সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও এনজিও সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে
মানসম্পন্ন এমআর সেবার ক্ষেত্রে বেশি মনোযোগী হতে হবে
প্রজননস্বাস্থ্যসহ বিভিন্ন বিষয় মোবাইলে, ইন্টারনেটে চালু করলে মানুষ এসব বিষয়ে সহজে জানতে পারবে
অদক্ষ সেবাদানকারীদের প্রশিক্ষণের আওতায় আনার চ্যালেঞ্জটি আমাদের নিতে হবে
যৌন অধিকারকে স্বাস্থ্যসেবার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে
আলোচনা
আব্দুল কাইয়ুম: আইসিপিডি (ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) ২০ বছর আগে কায়রোতে একটি অ্যাকশন প্রোগ্রাম নিয়েছিল। এর আলোকে প্রজননস্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের কতটা অগ্রগতি হলো, সে বিষয়ে আজকের আলোচনা। সম্প্রতি নিউইয়র্ক টাইমস–এর এক খবরে বলা হয়েছে, ভারতে এক থেকে পাঁচ বছর বয়সের ৪০ শতাংশ শিশু খর্বকায়। কিন্তু মায়েদের প্রথম সন্তান বেশ লম্বা হয়। তবে দ্বিতীয় ও তৃতীয় সন্তান খর্ব হতে থাকে।
প্রথম সন্তানের জন্য মায়ের স্বাস্থ্য-পুষ্টি বিষয়ে প্রস্তুতি অনেক বেশি থাকে। পরবর্তী সন্তানদের জন্য তেমন থাকে না। অর্থাৎ সন্তানের সুস্বাস্থ্য অনেকাংশে প্রসূতি মায়ের স্বাস্থ্যের ওপর নির্ভর করে। আমাদের দেশে স্বাস্থ্যক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে। এর পেছনে স্বাস্থ্যক্ষেত্রে সরকারের বহুমুখী কার্যক্রম রয়েছে। আলোচনায় এসব বিষয় আসবে। এখন আলোচনার সূত্রপাত করবেন এম এম নিয়াজউদ্দিন।
এম এম নিয়াজউদ্দিন: মাতৃ ও শিশুমৃত্যু রোধের ক্ষেত্রে বাংলাদেশ অগ্রগতি অর্জন করেছে; বিশেষ করে শিশুমৃত্যু রোধে বাংলাদেশ এমডিজি-৪ অর্জন করেছে। স্কানোর (অপরিণত শিশুদের সেবার বিশেষ ব্যবস্থা) মাধ্যমে অপরিণত শিশুদের বাঁচানো সম্ভব হচ্ছে। এখন ২১টি জেলায় স্কানো চালু আছে। আমি চাই, ৬৪টি জেলায় এটি চালু হোক। সিলেট ও চট্টগ্রামে মাতৃ ও শিশুমৃত্যুর হার বেশি। ঢাকা শহরের বস্তি এলাকায় ঠিকমতো স্বাস্থ্যসেবা পৌঁছায় না। ফলে এখানে মাতৃ ও শিশুমৃত্যুর হার বেশি। ঢাকা শহরের জন্য বিশেষ সিদ্ধান্ত নিয়েছি। এ শহরের গর্ভবতী মায়েরা যাতে ঢাকা মেডিকেল কলেজ, মুগদা হাসপাতাল ও আজিমপুর মেটার্নিটিতে আসতে পারেন, তার জন্য সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। শহরের বস্তিগুলোতে অনেক ক্ষেত্রে গর্ভবতী স্ত্রীকে রেখে স্বামী অন্য জায়গায় চলে যান। ফলে এ নারীকে দেখাশোনার ও সেবাকেন্দ্রে আনার কেউ থাকে না। এই অবস্থায় বস্তিতে প্রসবের সময় এই নারী ও সন্তান দুজনেই ঝুঁকির মধ্যে পড়ে যায়।
স্বাস্থ্যক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসছে। ছয় হাজারের বেশি চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে সবাই কর্মস্থলে চলে যাবেন। প্রতিটি উপজেলায় কমপক্ষে ১৫ জন চিকিৎসক থাকবেন। প্রধানমন্ত্রী ১০ হাজার নার্স নিয়োগের ঘোষণা দিয়েছেন। তিনি নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু করতে বলেছেন। স্বাস্থ্যক্ষেত্রে প্রধানমন্ত্রীর বিশেষ মনোযোগ রয়েছে। নবজাতক সন্তানদের একটি অংশ অপুষ্টিতে ভোগে। এদের ৪৩ শতাংশ সচ্ছল পরিবারের সন্তান। এসব সন্তানের অভিভাবকেরা জানেন না, কখন কী খাবার কীভাবে খাওয়াতে হবে। এ ব্যাপারে প্রচার-প্রচারণা বাড়াতে হবে।
চাকরিতে আমার একটা বিশেষ অভিজ্ঞতা হয়েছে, তা হলো, এখানে অর্থের খুব বেশি সমস্যা নেই। সমস্যা হলো যথাযথ উদ্যোগ গ্রহণের। আরেকটা অভিজ্ঞতা হলো, আমরা খুব ছকেবাঁধা কাজ করি। যেমন: অফিসে গেলাম, কয়েকটি স্বাক্ষর দিলাম, বাসায় এলাম। এই বৃত্তের বাইরে এসে আমাদের কাজ করতে হবে।
কোহিনুর বেগম: ২০১০ সালের জরিপ অনুসারে বাংলাদেশে মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ১৯৪ জন। ২০০১ সালের জরিপে এ সংখ্যা ছিল প্রতি লাখে ৩২০ জন। উন্নত বিশ্বের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। মাতৃমৃত্যুর প্রধান কারণ রক্তক্ষরণ, খিঁচুনি ও বাধাগ্রস্ত প্রসব। প্রসবসংক্রান্ত অসুস্থতা অনেক সময় জটিল আকার ধারণ করে। আমাদের দেশে কিশোরী মায়েদের মৃত্যু ও অসুস্থতার হার বেশি। দেশে অনূর্ধ্ব–১৫ বছর বয়সী মেয়েদের বিবাহের হার ৪ দশমিক ৪ শতাংশ। ১৫ থেকে ১৯ বছর বয়সে বিবাহের হার হলো ৪১ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ ২০ বছরের নিচে বিবাহের হার ৪৫ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে ৫০ শতাংশের বেশি ১৯ বছরের আগেই দুই সন্তানের মা হন। বাংলাদেশে এখনো ২৪ লাখ নারী সন্তান জন্ম দেন তাঁদের বাড়িতে। ৭২ দশমিক ২ শতাংশ শিশুর জন্ম হয় অদক্ষ সেবাদানকারীর মাধ্যমে।
সেবাকেন্দ্রে প্রসবের হার বেড়েছে। সরকার মাতৃমৃত্যু কমানোর জন্য ১৯৯৫ সাল থেকে জরুরি প্রসূতিসেবা (ইওসি) চালু করেছে। সর্বক্ষণ মাতৃস্বাস্থ্যসেবা দেওয়ার জন্য তিন হাজার সেবাদানকারীর ব্যবস্থা হচ্ছে। কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন আমাদের বাল্যবিবাহ কমাতে হবে। অল্প বয়সে গর্ভধারণ কমাতে হবে। সমাজে সচেতনতা বাড়াতে হবে। ভবিষ্যতে বাংলাদেশ প্রজননস্বাস্থ্যের ক্ষেত্রে আরও সফলতা লাভ করবে।
শেহ্লীনা আহমেদ: এখন প্রজননস্বাস্থ্য নিয়ে আলোচনা হচ্ছে। এটা প্রজননস্বাস্থ্যের অগ্রগতির ইঙ্গিত। ১৫ থেকে ২০ বছর আগে এ বিষয়ে কথা বলতে পারতাম না। কায়রো সম্মেলনে প্রজননস্বাস্থ্যকে ব্যাপকভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এর মধ্যে কিশোর-কিশোরীদের প্রজননস্বাস্থ্যের বিষয়টি উল্লেখযোগ্য। এদের প্রজননস্বাস্থ্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। তাহলে কিশোর-কিশোরীরা ভবিষ্যতে অনেক জটিলতা থেকে মুক্তি পাবে। যুক্তরােজ্য গার্লস সামিট সম্মেলনে আমাদের প্রধানমন্ত্রী অনেক ব্যস্ততার মধ্যেও যোগ দিয়েছেন। মাতৃমৃত্যু কমে এসেছে। কিন্তু সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা–পরবর্তী সময়ে (পোস্ট এমডিজি) আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মায়েদের অসুস্থতা মোকাবিলা করা। পুষ্টিহীন শরীরে মায়েরা সন্তান জন্ম দিতে গিয়ে জটিল অসুস্থতার মধ্যে পড়ছেন। পোস্ট এমডিজিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। ডিএফআইডি সরকারের স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি সহযোগিতা দিয়ে থাকে। এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বুশরা বিন্তে আলম: কায়রো সম্মেলনের উদ্দেশ্য অর্জন করতে চাই। এ ক্ষেত্রে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও এনজিও সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রজননস্বাস্থ্যের উন্নতি করতে হলে নারীর ক্ষমতায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। সমাজে একজন নারীর অবস্থান কী, তার ওপর অনেক কিছু নির্ভর করে। এখনো অনেক ক্ষেত্রে অনেক কিছু অর্জন করতে পারিনি। এ চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করে সামনের দিকে এগোব, সেটা ভাবতে হবে। বিশ্বব্যাংক স্বাস্থ্যসহ প্রায় সব ক্ষেত্রে কাজ করে। মাতৃমৃত্যু কমিয়ে লাখে ১৪৩ জনে আনার লক্ষ্য ঠিক করা হয়েছে। তাহলে কি ১৪৩ জন মায়ের মৃত্যু মেনে নিচ্ছি? এ বিষয়েও ভাবতে হবে। বিশ্বে এমন ৭৫টি দেশ আছে, যাদের মাতৃমৃত্যুর হার বেশি। এর মধ্যে নয়টি দেশ এমডিজি-৫ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে। বাংলাদেশ তাদের মধ্যে একটি। এ লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের কিছু কার্যকর পদক্ষেপ কাজ করেছে। যেমন কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র, উপজেলা হেলথ কমপ্লেক্স, মেটারনাল অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ারকেন্দ্র, জেলা ও টারিশয়ারি (অধিকতর উন্নত সেবা) হাসপাতাল ইত্যাদি। এগুলো ঠিকমতো কার্যকর রাখার কিছু চ্যালেঞ্জ আছে। সরকার এসব বিষয়ে উদ্যোগ নিচ্ছে। সবকিছু মিলিয়ে স্বাস্থ্য খাতে আমাদের আরও ইতিবাচক পরিবর্তন আসবে।
আলতাফ হোসেন: বাংলাদেশে নিরাপদ মাসিক নিয়মিতকরণ (এমআর) কার্যক্রমের ব্যবস্থা আছে। তার পরও যথেষ্ট অনিরাপদ এমআর হয়ে থাকে। তিন দশকের বেশি সময় ধরে দেশে এমআর কার্যক্রম চলছে। ১৯৭৯ সালে বাংলাদেশ সরকার এমআর কার্যক্রমকে পরিবার পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত করেছে। অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেপটিক অ্যাবোরশন, বাংলাদেশ এবং গুট মাকার ইনস্টিটিউট (আমেরিকার একটি প্রজনন গবেষণা প্রতিষ্ঠান) ২০১০ সালে এমআরের ওপর একটি গবেষণা করেছে। এ গবেষণা থেকে জানা যায়, ২০১০ সালে বাংলাদেশে পাঁচ লাখ ৭২ হাজার অনিরাপদ এমআর হয়েছে। এর মধ্যে ৪০ শতাংশ স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য জটিলতার চিকিৎসা নিয়েছে। ৬০ শতাংশ হাসপাতালে চিকিৎসার জন্য আসেনি।
দেশে অনিরাপদ এমআরজনিত মাতৃমৃত্যু ১ শতাংশে নেমে এসেছে। কিন্তু অনিরাপদ এমআরজনিত অসুস্থ মায়ের সংখ্যা কমছে না। তাই হাসপাতালে মায়েদের ভর্তির চাপ বাড়ছে। ২০১০ সালে ছয় লাখ ৫৩ হাজার এমআর হয়েছে। এর মধ্যে ১২ শতাংশ ছিল অনিরাপদ। ২৬ শতাংশ এমআর সেবা নিতে এসে ফেরত যাচ্ছে। এমবিএ কিট ব্যবহার করে সেবা দিলে এমআর–পরবর্তী জটিলতা হওয়ার কথা নয়। ২০১০ সালের জরিপে দেখা যায়, ৭৮ হাজার নারী এমআর-পরবর্তী জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এটা আমাদের জন্য একটা সতর্কবাণী। এতে বোঝা যায়, মানসম্পন্ন এমআর সেবার অভাব রয়েছে। মানসম্পন্ন এমআর সেবার ক্ষেত্রে মনোযোগী হতে হবে।
জুলিয়া আহমেদ: কায়রো সম্মেলন ভিন্নধর্মী কিছু ধারণা আমাদের সামনে এনেছিল। এ জন্য সরকার, এনজিও, ব্যক্তি খাত—সবাই একসঙ্গে কাজ করতে পেরেছিলাম। কায়রো সম্মেলনের ওপর ১৯৯৪ সালে সরকার ও এনজিও মিলে একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছিল। তাই সে সময়ে যে নেতৃত্ব ছিল, সেটা এখনো চাই। মা ও শিশুর ভালো স্বাস্থ্যের জন্য প্রজননস্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রধান সমস্যা দৃষ্টিভঙ্গির। নীতিমালাসহ যা-ই করি না কেন, তাতে কাজ হবে না, যদি দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হয়। সরকার একটা সমন্বিত শিক্ষাপদ্ধতি চালু করেছে। এ জন্য ষষ্ঠ শ্রেণি থেকে প্রজননস্বাস্থ্যসহ শারীরিক প্রক্রিয়াগত অনেকগুলো বিষয় শিক্ষার মধ্যে এসেছে। অনেক শিক্ষক এ বিষয়গুলো শ্রেণিতে পড়ান না। এ ক্ষেত্রে আমাদের কী করণীয়, তা ভাবতে হবে। আবার মাদ্রাসা শিক্ষাব্যবস্থা থেকে প্রজননস্বাস্থ্য শিক্ষার বিষয়টি বাদ থাকছে। প্রজননস্বাস্থ্যের এ চ্যালেঞ্জগুলো মোকাবিলার বিষয়ে ভাবতে হবে।
মালেকা বেগম: পুরুষতান্ত্রিক ব্যবস্থাটা নারী-পুরুষ দুপক্ষই টিকিয়ে রেখেছে। পরিবার থেকে নারী নিয়ন্ত্রিত হতে হতে শেষ পর্যায়ে স্বামীর মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। এর সঙ্গে রাষ্ট্র ও সমাজ জড়িত। একজন নারীর বিয়ের প্রথম বছর সন্তান দেওয়া না-দেওয়ার ওপর নির্ভর করে তাঁর মর্যাদা। সবক্ষেত্রে দায়বদ্ধতা কেবল নারীর। পুরুষকে কোনো দায়বদ্ধতায় আনা হয় না। বিভিন্ন সম্প্রদায়ের বিবাহ আইনের মধ্যে জটিলতা রয়েছে। হিন্দু বিবাহ আইন রেজিস্ট্রেশন এখনো বাধ্যতামূলক করা হয়নি। আগের মতো এখনো যৌন শিক্ষা নিয়ে লুকোছাপা রয়েছে। অথচ এ বিষয়ে ধারণা থাকা কিশোর-কিশোরীদের জন্য জরুরি।
এখনো সমাজে ছেলেসন্তানের চাহিদা রয়েছে। অনেক ক্ষেত্রে ছেলে না হলে নারীদের অবমূল্যায়ন করা হয়। নারীকে সর্বক্ষেত্রে ক্ষমতায়ন করতে না পারলে কোনো সমাধান হবে না। ষাটের দশকে দেশে অনেক নারী স্বেচ্ছাসেবী সংগঠন ছিল। এরা নারীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কাজ করত। স্বাধীনতার পর থেকে এসব সংগঠন প্রায় নেই। ফলে ভেতর থেকে পরিবর্তনের ভাবনা তৈরি হয় না। তাই সহজে নারীদের পরিবর্তন আসে না। নারীকে সহযোগিতা দেওয়া হচ্ছে। কিন্তু নারী নিজেই তার চাহিদা প্রকাশ করতে পারে, চ্যালেঞ্জ নিতে পারে, স্বাবলম্বী হতে পারে—সেভাবে কি তাকে তৈরি করা হচ্ছে? নারীর প্রজননস্বাস্থ্যসহ বিভিন্ন বিষয় মোবাইলে, ইন্টারনেটে চালু করলে মানুষ এসব বিষয়ে সহজে জানতে পারবে। সবার মধ্যে সচেতনতা বাড়বে।
কাজী সুরাইয়া সুলতানা: ১৯৯৪ সালে কায়রো সম্মেলনে স্বাস্থ্যবিষয়ক যেসব বিষয়ে আলোচনা হয়েছিল, তার মধ্যে যৌন ও প্রজননস্বাস্থ্য অধিকারের বিষয়টি প্রধান ছিল। প্রজননস্বাস্থ্যের মধ্যে যে বিষয়টি গুরুত্ব পেয়েছিল, তা হলো নিরাপদ এমআর সেবা ও পরিবার পরিকল্পনাসামগ্রীর ব্যবহার। কায়রো সম্মেলনের ২২ বছর আগে বাংলাদেশে প্রজননস্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে। এর উদ্দেশ্য ছিল মায়েদের মৃত্যু ও অসুস্থতা কমানো। কিন্তু অনিরাপদ এমআর সেবার জন্য অনেক মা মারা যান।
এসব মাকে কীভাবে রক্ষা করা যায়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্প হিসেবে সব মেডিকেল কলেজে নিরাপদ এমআর সেবা চালু হয়। এ প্রকল্পই হচ্ছে আরএইচস্টেপ। আমরা এ প্রকল্পের মাধ্যমে মায়েদের মৃত্যু ও অসুস্থতা কমাতে কাজ করি। আমরা সরকারের লক্ষ্য বাস্তবায়ন করছি। অদক্ষ সেবাদানকারীদের থেকে মায়েদের রক্ষা করতে চাই। এ ক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। ডাক্তার, পরিবারকল্যাণ পরিদর্শিকা, প্যারামেডিকস সবার প্রশিক্ষণ দেয় রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম (আরএইচস্টেপ)। একজন মায়ের গর্ভধারণ–পরবর্তী সময় ১০ সপ্তাহের বেশি হলে তাঁকে আর এমআর সেবা দেওয়া যায় না। তখন তাঁরা অদক্ষ সেবাদানকারীর কাছে যান এবং ক্ষতিগ্রস্ত হন। এখন অদক্ষ সেবাদানকারীদের প্রশিক্ষণের আওতায় আনার চ্যালেঞ্জটি আমাদের নিতে হবে। কিশোর-কিশোরীদের প্রজননস্বাস্থ্য নিয়ে আমরা কাজ করি। ৩১টি সেবাকেন্দ্রের মাধ্যমে আমরা সেবা দিয়ে থাকি। সরকারের সহযোগিতায় আরও বেশি মানুষকে সেবার আওতায় আনতে চাই।
শামিনা শারমীন: কায়রো সম্মেলনের আলোচিত বিষয়গুলোর মধ্যে রয়েছে অসমতা ও দারিদ্র্য, নারী ও কিশোরী, যুবসমাজ, প্রজননস্বাস্থ্য অধিকার, টেকসই পরিবেশ ও নগরায়ণ। এর প্রতিটি বিষয় একে অপরের সঙ্গে সম্পৃক্ত। কায়রো সম্মেলনের পর ব্রাজিলে একটি সম্মেলন হয়েছিল, সেখানে প্রজননস্বাস্থ্যের সঙ্গে তথ্যের বিষয়টি যুক্ত ছিল। ২০১০ সালের বিএমএমএস (বাংলাদেশ মেটারনাল মর্টালিটি সার্ভে) জরিপমতে, মাতৃমৃত্যু ও অসুস্থতা কমে আসছে। এর কারণ, স্বাস্থ্যসেবা বৃদ্ধির সঙ্গে নারীদের শিক্ষা ও সচেতনতা বেড়েছে। এখন প্রায় সব মায়েরই দুটি সন্তান। মাতৃমৃত্যু কমার এটিও একটি কারণ। শিক্ষকেরা হয়তো শিক্ষার্থীদের শারীরিক প্রক্রিয়াগত বিষয়টি পড়াচ্ছেন না। কিন্তু দেশের গ্রামের মোবাইল পর্যন্ত ইন্টারনেট পৌঁছে গেছে। ফলে তাঁরা বিভিন্ন সাইট থেকে যৌন বিষয় দেখছেন এবং ভুল শিক্ষা গ্রহণ করছেন। এ চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করা হবে, সেটি ভাবতে হবে। প্রতিটি কমিউনিটিতে কিশোর-কিশোরী আছে। তাদের বাল্যবিবাহ, প্রজননস্বাস্থ্য ইত্যাদি বিষয়ে সচেতন করতে হবে।
মাসফিকা জামান সাটিয়ার: নেদারল্যান্ডস দূতাবাস বাংলাদেশে কার্যক্রমের শুরু থেকেই উন্নয়ন-সহযোগী হিসেবে কাজ করছে। আমরা মূলত কিশোর-কিশোরীদের নিয়ে কাজ করি। যৌন অধিকারের বিষয়ে আমরা কাজ করি। জেনারেশন ব্রেক থ্রু প্রকল্পে নেদারল্যান্ডস দূতাবাস সহযোগিতা করে। আরএইচস্টেপসহ চারটি এনজিও একসঙ্গে একটি বিশেষ প্রকল্পে কাজ করছে। এ প্রকল্পের অধীনে স্কুলের শিক্ষার্থীদের জন্য একটি যৌন শিক্ষা পাঠক্রম তৈরি করা হয়েছে। স্কুলের শিক্ষকেরা বিষয়টি পড়ান। শিক্ষার্থীরা নিজেদের মধ্যে এ বিষয়ে আলোচনা করতে পারে। এভাবে শিক্ষার্থীদের সচেতন করে তোলা হচ্ছে। এমআর নিয়ে আমাদের বড় কার্যক্রম আছে। আজকের অনুষ্ঠানে সবার আলোচনা শুনছিলাম। মনে হচ্ছিল, আমরা সব ক্ষেত্রে এগিয়ে আছি। আমরা সবাইকে নিয়ে কাজ করি। যৌন অধিকারকে স্বাস্থ্যসেবার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে কাজ করার চেষ্টা করি। কারণ, সরকারের সহযোগিতা ছাড়া কোনো লক্ষ্যে পৌঁছা যাবে না। আমরা সরকারকে ধন্যবাদ দিতে পারি। সরকার এমআরের মতো একটি বিষয়কে বৈধ করে ফেলেছে। অনেক উন্নয়নশীল দেশও এটি এখনো পারেনি।
সামিয়া আফরীন: প্রজননস্বাস্থ্য বিষয়ে কাজ করতে গিয়ে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। আমাদের উচিত ২০১৫ সালের এমডিজিতে এগুলো অন্তর্ভুক্ত করা। কায়রো সম্মেলনের ভাষাটি ছিল যৌন প্রজননস্বাস্থ্য অধিকার। আমরা ‘যৌন’ ও ‘অধিকার’ শব্দটি বাদ দিয়ে কেবল প্রজননস্বাস্থ্য শব্দটি ব্যবহার করছি। এনজিও ব্যুরোতে ‘যৌন ও প্রজননস্বাস্থ্য অধিকার’ নামে কোনো প্রস্তাব জমা দিলে ব্যুরো এটি সম্পর্কে অনেক প্রশ্ন করে। প্রস্তাব নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়। সরকারের কোনো বিষয় নিয়ে আলোচনা করতে গেলেই সরকার মনে করে, তার বিরোধিতা করছি। সমালোচনার ক্ষেত্রে সরকারকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে। নারীপক্ষ থেকে আমাদের কাজের অভিজ্ঞতা নিয়ে আমরা সরকারের সঙ্গে মতবিনিময় করেছি। সরকার বলছে, এক লাখ জীবিত জন্মে মাতৃমৃত্যুর হার ১৯৪। কিন্তু আমরা যে জায়গায় কাজ করেছি, সেখানে এ সংখ্যা ২৩১। ২০০৯ সালে একটি পরিপত্র জারি হয়েছিল। এর উদ্দেশ্য ছিল ইউনিয়ন পরিষদে জন্ম-মৃত্যুর রেজিস্ট্রেশন করা। কিন্তু আদৌ কি সেটি হচ্ছে? আমরা বরিশালে কাজ করার অভিজ্ঞতায় দেখেছি, ৪০ শতাংশ মৃত্যুর রেজিস্ট্রেশন হচ্ছে না। এ ক্ষেত্রে লাখে ১৯৪ জন মাতৃমৃত্যুর হিসাব নিয়ে প্রশ্ন থেকে যায়। সরকারের এসব বিষয়ে ভেবে দেখা উচিত।
মোহাম্মদ জহিরুল ইসলাম: কায়রো সম্মেলনের ২০ বছর পূর্তিতে গণমাধ্যমসহ কোথাও কোনো আলোচনা নেই। তাই আজকের এ আলোচনা গুরুত্বপূর্ণ। কায়রো সম্মেলনের ধারাবাহিকতায় পরবর্তী বৈঠক হবে এ বছর ২২ সেপ্টেম্বর, নিউইয়র্কে। ২০১৫ সাল পর্যন্ত মিলেনিয়াম লক্ষ্যমাত্রা আছে। এরপর আমরা কী ভাবব? এমডিজি–পরবর্তী লক্ষ্যমাত্রা নিয়ে অনেক আলোচনা-পর্যালোচনা হচ্ছে। বাংলাদেশ আকারে ছোট দেশ হলেও আমাদের একটি ভূমিকা সেখানে থাকা উচিত। সেখানে আমাদের কণ্ঠস্বর তুলে ধরতে হবে। কিন্তু এ ক্ষেত্রে বড় রকমের নীরবতা লক্ষ করছি। কায়রো সম্মেলনের মূল লক্ষ্য ছিল টেকসই উন্নয়ন। এটি সম্ভব হবে যদি নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়। নারীর পূর্ণাঙ্গ ক্ষমতায়ন হবে না, যদি তাঁকে যৌন প্রজননস্বাস্থ্য অধিকার দেওয়া না হয়। নাইন-ইলেভেনের পর বিভিন্ন ধর্মীয় রক্ষণশীল শক্তির অভ্যুদয় ঘটেছে। সরকারগুলো কোনো প্রগতিশীল উদ্যোগ নিতে ভয় পায়। অনেক সাহসী উদ্যোগ বাংলাদেশ আগে নিতে পারত, এখন পিছিয়ে আসছে। ‘যৌন’ শব্দ উচ্চারণ করতে চায় না। আইসিপিডির ভিত্তিকে আমরা যেন দুর্বল করে না দিই। বরং আইসিপিডির মূল চেতনাকে আরও এগিয়ে নিতে হবে। পৃথিবীতে দিনে দিনে অসাম্য বাড়ছে। দরিদ্র ও প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করতে না পারলে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। আমরা যদি দাতা হই, গণমাধ্যম হলো মদদদাতা। দাতা-মদদদাতাসহ সবাইকে একযোগে এ লক্ষ্যে কাজ করতে হবে।
ধীরাজ কুমার নাথ: ১৯৯৪ সালে অনুষ্ঠিত আইসিপিডিতে ৩০ জনের একটি দল অংশগ্রহণ করে। কায়রো সম্মেলনের একটি উল্লেখযোগ্য বিষয় ছিল জনসংখ্যা। জনসংখ্যার সঙ্গে যুক্ত হয়েছে ব্যক্তির অধিকার ও উন্নয়নের অন্য বিষয়। ব্যক্তির অধিকার নিশ্চিত ও কল্যাণ করতে গিয়ে এসেছে প্রজননস্বাস্থ্য, যৌন অধিকার—এসব বিষয়। তৃতীয় বিশ্বে
বাংলাদেশ পরিবার পরিকল্পনায় সফল একটি দেশ। ইরান, ইন্দোনেশিয়া ও ভারত থেকে প্রতিনিধিরা আসতেন আমাদের দেশের পরিবার পরিকল্পনা কার্যক্রম দেখতে। আইসিপিডির পর পৃথিবীর অনেক পরিবর্তন এসেছে। যেমন দ্রুত নগরায়ণ হয়েছে। বয়স্ক লোকের সংখ্যা বেড়েছে। পরিবেশের পরিবর্তন হয়েছে। অভিবাসন বেড়েছে। উদ্বাস্তু মানুষের সংখ্যা বেড়েছে। খাদ্যে ভেজাল বেড়েছে। মাদকদ্রব্যের ব্যবহার ব্যাপক হারে বেড়েছে। বৈষম্য বেড়েছে। যৌন হয়রানি বেড়েছে। অবকাঠামোগত পরিবর্তন এসেছে। প্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব এসেছে। ২২ সেপ্টেম্বর জাতিসংঘে একটি বিশেষ অধিবেশন হবে। এ অধিবেশন হবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে। কিন্তু আমাদের এ জন্য কোনো প্রস্তুতি আছে বলে মনে হয় না। দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে জনসংখ্যা
কখনোই সমস্যা হবে না। আমাদের সব উদ্যোগ বৃথা যাবে স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত করতে না পারলে, দুর্নীতি বন্ধ করতে না পারলে।
আবুল কালাম আজাদ: ২০০০ সালে আমরা এমডিজি গ্রহণ করেছি। এর ভিত্তি হিসেবে কাজ করছে আইসিপিডি। কারণ, আমাদের এমডিজির আটটি সুপারিশের মধ্যে পাঁচটি ছিল আইসিপিডির সুপারিশ। ২০১৪ সালে ৭৫টি দেশের মাতৃ ও শিশুমৃত্যুর হার পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের অবস্থান শিশুমৃত্যুর ক্ষেত্রে ১১তম ও মাতৃমৃত্যুর ক্ষেত্রে ১২তম। আইসিপিডির অনেক আগে থেকে বাংলাদেশে প্রজননস্বাস্থ্যসেবা শুরু হয়েছে। কিন্তু আশানুরূপ ফল অর্জিত হয়নি। ২০০১ সালে লাখে জীবিত জন্মে ৩২০ জন মায়ের মৃত্যু হতো। ২০১০ সালে এটি নেমে এল ১৯৪ জনে। ২০১৩ সালে এটি হয়েছে ১৭০ জন। অর্থাৎ ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত মাতৃমৃত্যু হ্রাসের হার ৬ শতাংশ। এই হারে কমতে থাকলে কত বছর লাগবে আমাদের লক্ষ্যমাত্রা ১৪৩ জনে পৌঁছাতে? আমাদের কাজে কোথাও না কোথাও ভুল হচ্ছে। যেমন ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত আমরা জানতাম না মাতৃমৃত্যুর হার কত কমেছে।
আমাদের ধারণা ছিল, এটি লাখে জীবিত জন্মে ২৮০ জন হয়তো হবে। ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি মাতৃমৃত্যুসংক্রান্ত জরিপে প্রকাশিত তথ্য থেকে জানতে পারি, বাংলাদেশে লাখে জীবিত জন্মের সময় ১৯৪ জন মায়ের মৃত্যু হচ্ছে। আরও জানতে পারি, সিলেট ও চট্টগ্রামে মাতৃমৃত্যুর হার অনেক বেশি। এ প্রতিবেদন থেকে এই প্রথম মাতৃমৃত্যুর সবচেয়ে তিনটি বড় কারণ যেমন: রক্তক্ষরণ, উচ্চ রক্তচাপ ও বাধাগ্রস্ত জন্মের বিষয়টি জানতে পারি। ৬০ শতাংশ মায়ের মৃত্যু হয় এ তিনটি কারণে। মাতৃমৃত্যুর এ তিনটি কারণ প্রতিরোধ করতে পারলে দ্রুত লক্ষ্যমাত্রায় পৌঁছে যাব। এই ১০ বছর আমাদের কেবল তত্ত্ব দেওয়া হয়েছে—এটা করেন, সেটা করেন—আমরা করেছি। কিন্তু কাজের কাজ খুব বেশি হয়নি। আমাদের কাজে সমন্বয়ের অভাব রয়েছে। একসঙ্গে কাজ করতে পারলে অনেক বেশি অর্জন হতো। আমরা যদি প্রতিটি ইউনিয়নে তিনটি ওয়ার্ড ধরি, প্রতি ওয়ার্ডে জনসংখ্যা ১১ হাজার ১৩৩ জন। প্রতিটি ওয়ার্ডে প্রতিবছর ১৮টি শিশু জন্ম নেয়। এই ১৮ জন মাকে দেখার জন্য কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও এনজিওসহ কমপক্ষে চারজন বেতনভুক্ত সেবাকর্মী আছেন।
কমিউনিটি ক্লিনিকে স্থানীয় পর্যায়ের ৬০ জন গণ্যমান্য প্রতিনিধি আছেন। তাহলে কি ১৮ জন মায়ের খবর নেওয়া যায় না? সমস্যাটা হলো সমন্বয়ের অভাব। আগামী ডিসেম্বর থেকে কমিউনিটি ক্লিনিকগুলোকে এমন একটি পদ্ধতির আওতায় আনার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, যাতে প্রতি ওয়ার্ডের প্রতিটি মা ও শিশু সেবা পাবে। প্রতিটি ওয়ার্ডে যদি উন্নয়ন করতে পারি, তাহলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। স্বাস্থ্য খাতে মোট ব্যয়ের ৮ শতাংশ দেয় উন্নয়ন-সহযোগীরা। তাদের বড় সহযোগিতা হলো জ্ঞান। আমরা হয়তো একই ছাদের নিচে কাজ করতে পারব না। কিন্তু অবশ্যই আমাদের কাজের মধ্যে সমন্বয় আনতে হবে।
এম এম নিয়াজউদ্দিন: উন্নয়ন-সহযোগীদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলোচনা সভা হয়। স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে যেকোনো জায়গায় ছুটে যাই। উন্নয়ন-সহযোগীরা যখনই ডাকেন, তাঁদের সঙ্গে স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা করি। বিভিন্ন সংস্থার মধ্যে একটা সমন্বয় প্রয়োজন। আগামী মাসের শেষের দিকে যারা মায়েদের মৃত্যু ও অসুস্থতা প্রতিরোধ ও প্রজননস্বাস্থ্য নিয়ে কাজ করে, তাদের সঙ্গে একটি আলোচনা সভা করব।
আপনারা যদি মায়েদের স্বাস্থ্যবিষয়ক কোনো পরামর্শ ও দিকনির্দেশনা দেন, এগুলো আমাদের কাজের সঙ্গে সমন্বয় করব। সবাইকে সময় দেওয়ার চেষ্টা করি। আমার অফিস সবার জন্য খোলা। আপনারা সবাই নিজ নিজ ক্ষেত্রে ভালো কাজ করছেন। আমাদের দিক থেকে যা কিছু করা দরকার, তার সবটুকু করতে চেষ্টা করব। সবাই একসঙ্গে কাজ করলে ভবিষ্যতে প্রজননস্বাস্থ্যের ক্ষেত্রে ব্যাপক সাফল্য আসবে।
আব্দুল কাইয়ুম: বাংলাদেশ প্রজননস্বাস্থ্যে অগ্রগতি অর্জন করেছে। তবে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হলে আরও অনেক কাজ করতে হবে। যেকোনো পরিকল্পনা গ্রহণের জন্য তথ্যের প্রয়োজন। একটা দীর্ঘ সময় পর্যন্ত প্রজননস্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানা ছিল না।
২০১১ সালের শুরুর দিকে মাতৃমৃত্যুর বড় তিনটি কারণ যেমন: রক্তক্ষরণ, উচ্চ রক্তচাপ ও বাধাগ্রস্ত জন্মের বিষয়টি জানতে পারি। আলোচনায় এসেছে, এ তিনটি কারণ রোধ করতে পারলে ৬০ শতাংশ মাতৃমৃত্যু রোধ করা সম্ভব। সরকার ও এনজিওগুলো নিশ্চয়ই এ ক্ষেত্রে ফলপ্রসূ উদ্যোগ গ্রহণ করবে। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
যাঁরা অংশ নিলেন
এম এম নিয়াজউদ্দিন : সচিব, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়
আবুল কালাম আজাদ : অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী
মালেকা বেগম : নারীনেত্রী, অধ্যাপক, সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটি, ঢাকা
বুশরা বিন্তে আলম : জ্যেষ্ঠ স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিশ্বব্যাংক
শেহ্লীনা আহমেদ : স্বাস্থ্য উপদেষ্টা, ডিএফআইডি
কোহিনুর বেগম : সভাপতি, রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসেস, ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম (আরএইচস্টেপ)
ধীরাজ কুমার নাথ : স্টাফ কনসালট্যান্ট, এডিবি
কাজী সুরাইয়া সুলতানা : নির্বাহী পরিচালক, রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসেস, ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম (আরএইচস্টেপ)
মোহাম্মদ জহিরুল ইসলাম : প্রোগ্রাম অফিসার, সুইডিশ দূতাবাস
মাসফিকা জামান সাটিয়ার : উপদেষ্টা, এসআরএইচআর অ্যান্ড জেন্ডার, রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাস
শামিনা শারমীন : মাতৃস্বাস্থ্য বিশেষজ্ঞ, ইউএনএফপিএ
আলতাফ হোসেন : পরিচালক, অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেপটিক অ্যাবোরশন, বাংলাদেশ (বাপ্সা)
জুলিয়া আহ্মেদ : স্বতন্ত্র পরামর্শক
সামিয়া আফরীন : প্রজননস্বাস্থ্য প্রকল্প ব্যবস্থাপক, নারীপক্ষ
সঞ্চালক
আব্দুল কাইয়ুম : সহযোগী সম্পাদক, প্রথম আলো
জন্মনিয়ন্ত্রণপদ্ধতি ব্যবহারকারীর হার
১৯৯৪ সাল ৪৪%
২০০৭ সাল ৫৫%
২০১১ সাল ৬১.৭%
জন্মনিয়ন্ত্রণসামগ্রী প্রাপ্তির অপ্রতুলতা
১৯৯৪ সাল ১৯%
২০০৭ সাল ১৭%
২০১১ সাল ১৩.৫%
সেবাকেন্দ্রে সন্তান প্রসবের হার
১৯৯৪ সাল ৪%
২০০৭ সাল ১৭%
২০১০ সাল ২৯%
পূর্ণাঙ্গ মাতৃত্বসেবা
২০০১ সাল ৪.৮%
২০১০ সাল ১৯%
গর্ভপাতজনিত মাতৃমৃত্যু
২০০১ সাল ৫%
২০১১ সাল ১%
সূত্র: বিডিএইচএস ২০০৭–২০১১, ইউএসইডি সার্ভে ২০১০, বিএমএমএস ২০১০
২০০১ সালে মাতৃমৃত্যুর হার ছিল ৩.২, যা ২০১০ সালে ১.৯৪–এ নেমে এসেছে।
(বিএমএমএস-২০১০)
বাংলাদেশে মাতৃমৃত্যুর কারণ, ২০১০
অন্যান্য প্রত্যক্ষ কারণ
৫%
গর্ভপাত
১%
বাধাগ্রস্ত ও বিলম্বিত প্রসব
৭%
খিঁচুনি
২০%
৩৫%
পরোক্ষ কারণ
১%
অচিহ্নিত কারণ
৩১%
রক্তক্ষরণ