কায়সারকে নিয়ে তদন্ত অগ্রগতি প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন আগামী ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষকে দাখিল করতে বলেছেন আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আজ বুধবার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাসগুপ্ত তদন্তের জন্য সময়ের আবেদন জানালে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই তারিখ ধার্য করেন। শুনানির সময় জামিনে থাকা কায়সার ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

গত ১৫ মে সুষ্ঠু তদন্তের স্বার্থে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কায়সারকে গ্রেপ্তারের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তাঁকে গ্রেপ্তার করা হলেও পরে শারীরিক অসুস্থতার কারণে তিনি জামিন পান।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, তিনি জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি ভেঙে গেলে বিএনপিতে শাহ আজীজুর রহমানের নেতৃত্বাধীন দলের যুগ্ম মহাসচিব হন। এরপর এরশাদ ক্ষমতায় এলে কায়সার হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি হন। ১৯৮৬ ও ১৯৮৮ সালের নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। এ সময় প্রথমে তিনি জাতীয় পার্টির হুইপ এবং পরে ১৯৮৯ সালে কৃষি প্রতিমন্ত্রী হন। ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলেও পরাজিত হন।