কায়সারের ইশারায় সেনারা বাবাসহ চারজনকে হত্যা করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২৬তম সাক্ষী মাজেদা খাতুন ওরফে জমিলা খাতুন (৭৫)। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে কায়সারের ইশারায় পাকিস্তানি সেনারা তাঁর বাবাসহ চারজনকে গুলি করে হত্যা করে।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মাজেদা খাতুনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। জামিনে থাকা কায়সার এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

জবানবন্দিতে মাজেদা খাতুন বলেন, তাঁর বাবা শহীদ আক্কাস আলী। তাঁদের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুরে। তাঁর বাবা ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের। একাত্তরের ১২ আশ্বিন তিনি তাঁর বাবার বাড়িতে ছিলেন। এ সময় তাঁর বাবা, সিরাজ মিয়া, ওয়াহেদ আলী, ছাত্তার রাতে প্রতিবেশী রেনু মিয়ার (সিরাজ মিয়ার ছেলে) বাড়িতে ঘুমিয়ে ছিলেন। পরদিন ভোরে ফজরের আজানের পর রেনু মিয়ার বাড়ির দিক থেকে শব্দ শুনতে পান। তিনি অন্যদের সঙ্গে রেনু মিয়ার বাড়িতে গিয়ে দেখেন, তাঁর বাবা ও বাবার বন্ধুদের ২০-২৫ জন মানুষ ধরে নিয়ে যাচ্ছে। ওই লোকদের মধ্যে অন্যতম ছিল কায়সার। তার কোমরে ছিল পিস্তল। বাবাসহ অন্যদের ধরে জগদীশপুর সেনা ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় তিনি, রেনুর মা, রেনুসহ আরও ৫-৭জন প্রতিবেশী পিছু পিছু যান। ক্যাম্পে নিয়ে যাওয়ার পর বাবাসহ অন্যদের নির্যাতন করা হয়।

রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, এ সময় তিনি সামনে যাওয়ার চেষ্টা করলে কায়সার যেতে বাধা দেয় ও ধাক্কা দিয়ে ফেলে দেয়। একপর্যায়ে আটক লোকজনের সবাইকে সোনাই নদীর তীরে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তিনি অনেক রাজাকার ও পাকিস্তানি সেনাকে দেখেন। তিনি কায়সারের পা ধরে তাঁর বাবার প্রাণভিক্ষা চাইলে কায়সার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন। এ সময় আটক চারজনকে এক সারিতে দাঁড় করানো হয়। কায়সারের ইশারায় পাকিস্তানি সেনারা এই চারজনকে গুলি করে হত্যার পর লাশ নদীতে ভাসিয়ে দেয়। পরে তাঁরা নদীর তীরে গিয়ে লাশ পাননি। ওই ঘটনার পর তাঁরা ভারতে চলে যান।

জবানবন্দির শেষ পর্যায়ে সাক্ষী ট্রাইব্যুনালে থাকা কায়সারকে শনাক্ত করেন। জবানবন্দি শেষে এই সাক্ষীকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী এস এম শাহজাহান। পরে এই মামলার কার্যক্রম আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

সুবহানের বিরুদ্ধে আরও এক সাক্ষীর জেরা শেষ

একই ট্রাইব্যুনালে আজ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী আবদুল মতিনের জেরা শেষ হয়েছে। তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। পরে এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করা হয়।