কায়সারের ইশারায় সেনারা বাবাসহ ৪ জনকে হত্যা করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২৬তম সাক্ষী মাজেদা খাতুন ওরফে জমিলা খাতুন (৭৫)৷ জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে কায়সারের ইশারায় পাকিস্তানি সেনারা তাঁর বাবাসহ চারজনকে গুলি করে হত্যা করে৷
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু৵নাল-২-এ মাজেদা খাতুনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত৷ জামিনে থাকা কায়সার এ সময় ট্রাইবু৵নালে হাজির ছিলেন৷
জবানবন্দিতে মাজেদা খাতুন বলেন, তাঁর বাবা শহীদ আক্কাস আলী৷ তাঁদের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুরে৷ তাঁর বাবা ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ৷
একাত্তরের ১২ আশ্বিন মাজেদা তাঁর বাবার বাড়িতে ছিলেন৷ ওই দিন রাতে তাঁর বাবা, সিরাজ মিয়া, ওয়াহেদ আলী, ছাত্তার রাতে প্রতিবেশী রেনু মিয়ার (সিরাজ মিয়ার ছেলে) বাড়িতে ঘুমিয়ে ছিলেন৷ ফজরের আজানের পর রেনু মিয়ার বাড়ির দিক থেকে শব্দ শুনে তিনি অন্যদের সঙ্গে সেখানে গিয়ে দেখেন, তাঁর বাবা ও বাবার বন্ধুদের ২০-২৫ জন লোক ধরে নিয়ে যাচ্ছে৷ ওই লোকদের মধ্যে অন্যতম ছিলেন কায়সার৷ তাঁর কোমরে ছিল পিস্তল৷ বাবাসহ অন্যদের জগদীশপুর সেনাক্যাম্পে নিয়ে যাওয়ার সময় তিনি, রেনুর মা, রেনুসহ আরও পাঁচ-সাতজন প্রতিবেশী পিছু পিছু যান৷ ক্যাম্পে নিয়ে যাওয়ার পর তাঁর বাবাসহ অন্যদের নির্যাতন করা হয়৷
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, এ সময় তিনি সামনে যাওয়ার চেষ্টা করলে কায়সার যেতে বাধা দেন ও ধাক্কা দিয়ে ফেলে দেন৷ একপর্যায়ে আটক ব্যক্তিদের সোনাই নদীর তীরে নিয়ে যাওয়া হয়৷ সেখানে গিয়ে তিনি অনেক রাজাকার ও পাকিস্তানি সেনা দেখেন৷ তিনি অন্যদের নিয়ে কায়সারের পা ধরে বাবার প্রাণভিক্ষা চান৷ কিন্তু কায়সার তাঁদের ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন৷ এ সময় আটক চারজনকে এক সারিতে দাঁড় করানো হয়৷ কায়সারের ইশারায় পাকিস্তানি সেনারা এই চারজনকে গুলি করে হত্যার পর লাশ নদীতে ভাসিয়ে দেয়৷
জবানবন্দির শেষ পর্যায়ে সাক্ষী ট্রাইবু৵নালে থাকা কায়সারকে শনাক্ত করেন৷ এই মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে৷
সুবহানের বিরুদ্ধে আরও এক সাক্ষীর জেরা শেষ: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী আবদুল মতিনের জেরা শেষ হয়েছে৷