
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের জামিনের আবেদন গতকাল বুধবার খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁকে আবার কারাগারে পাঠানো হয়েছে। আগামী ১৭ জুন তাঁর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করার জন্য রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ কায়সারের জামিনের আবেদন খারিজ করে আদেশ দেন। তাঁর চিকিৎসা-সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল ট্রাইব্যুনালে কায়সারের উপস্থিতিতে তাঁর জামিনের আবেদনের শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী এস এম শাহজাহান। জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত।১৫ মে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই ট্রাইব্যুনাল এরশাদ সরকারের প্রতিমন্ত্রী ও সাবেক সাংসদ কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত মঙ্গলবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।