কায়সারের পক্ষে যুক্তি দেওয়া শেষ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের চূড়ান্ত যুক্তি উপস্থাপন গতকাল মঙ্গলবার শেষ হয়েছে।
যুক্তি উপস্থাপনকালে আসামিপক্ষ দাবি করেছে, রাষ্ট্রপক্ষ কায়সারের বিরুদ্ধে আনা কোনো অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি। এ জন্য তারা কায়সারকে খালাস দেওয়ার আরজি জানায়। আসামিপক্ষের যুক্তি খণ্ডনের জন্য আজ বুধবার রাষ্ট্রপক্ষকে সময় দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ আজ যুক্তি খণ্ডন শেষ করলে এর মধ্য দিয়ে এই মামলার বিচারিক কার্যক্রম শেষ হতে পারে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল কায়সারের বিরুদ্ধে সর্বশেষ অভিযোগের ওপর যুক্তি দেন আসামিপক্ষের আইনজীবী এস এম শাহজাহান। এর মধ্য দিয়ে কায়সারের বিরুদ্ধে গঠন করা ১৬টি অভিযোগের ওপর আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। এরপর এই মামলার বিভিন্ন আইনগত দিক তুলে ধরে আসামিপক্ষ। শারীরিক কারণে জামিনে থাকা কায়সার যুক্তি উপস্থাপনকালে ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
আসামিপক্ষ ৭ আগস্ট থেকে কায়সারের পক্ষে যুক্তি উপস্থাপন করছে। তাদের দাবি, একাত্তরে মুক্তিযুদ্ধকালে কায়সার বাহিনী নামে কোনো বাহিনীর অস্তিত্ব ছিল না। কায়সারের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো ভিত্তিহীন।
এর আগে যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষ কায়সারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আরজি জানায়। তাদের দাবি, রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যে ও দালিলিক নথির মাধ্যমে কায়সারের বিরুদ্ধে একাত্তরে গণহত্যা, হত্যা ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি ১৬টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে কায়সারের বিরুদ্ধে বিচার শুরু হয়েছিল। ৯ মার্চ থেকে ২৩ জুলাই পর্যন্ত রাষ্ট্রপক্ষের ৩২ জন সাক্ষ্য দেন।