কায়সারের বিরুদ্ধে অভিযোগ ২৪ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আগামী ২৪ অক্টোবর ট্রাইব্যুনালে জমা দিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার এ নির্দেশ দেন। জামিনে থাকা কায়সার এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

গতকাল রোববার তদন্ত সংস্থা কায়সারের বিরুদ্ধে ১৬টি অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দেয়।

মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাদের সহযোগী ‘কায়সার বাহিনী’র প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত সৈয়দ কায়সার বর্তমানে শারীরিক কারণে জামিনে আছেন। চলতি বছরের ২১ মে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, একাত্তরে তত্কালীন হবিগঞ্জ মহকুমার শান্তি কমিটির সদস্য ও রাজাকার কমান্ডার কায়সার স্বাধীনতাবিরোধী পাঁচ শতাধিক ব্যক্তিকে নিয়ে ‘কায়সার বাহিনী’ গঠন করে পাকিস্তানি সেনাদের অপকর্মে সহায়তা করেন। তিনি নিজেই ছিলেন ওই বাহিনীর প্রধান। মুক্তিযুদ্ধ শেষে আত্মগোপন করলেও ১৯৭৮ সালে তিনি প্রকাশ্য রাজনীতিতে ফিরে আসেন।

১৯৭৯ সালে সিলেট-১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন কায়সার। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে তিনি বিএনপিতে যোগ দেন এবং হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হন। পরে তিনি সাবেক স্বৈরশাসক এরশাদের জাতীয় পার্টিতে যোগ দেন এবং ১৯৮৮ সালে হবিগঞ্জ-৪ আসন থেকে সাংসদ হন। ওই সময় তিনি কৃষি প্রতিমন্ত্রী ছিলেন। গত বছরের ২৮ মার্চ তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু করেন তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম।