কায়সারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২১ জুলাই দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন ২১ জুলাই (রোববার) দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষকে এ নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ মে কায়সারকে গ্রেপ্তারের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তিনি কারাগারে আটক আছেন। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, এরশাদ সরকারের আমলে সৈয়দ মো. কায়সার ১৯৮৬ ও ১৯৮৮ সালে সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত হন। এ সময় প্রথমে তিনি হুইপ এবং পরে ১৯৮৯ সালে কৃষি প্রতিমন্ত্রী হন। ইউসুফের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানি ২২ জুলাই: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানির জন্য ২২ জুলাই দিন পুনর্নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এ সময় আসামির কাঠগড়ায় ইউসুফ হাজির ছিলেন। আসামিপক্ষের জুনিয়র আইনজীবী গাজী এম এইচ তামিম শুনানির জন্য ট্রাইব্যুনালে সময়ের আবেদন জানালে ট্রাইব্যুনাল দিন পুনর্নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১ জুলাই ট্রাইব্যুনাল-১ ইউসুফের বিরুদ্ধে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করেন। রাষ্ট্রপক্ষ গত ৮ মে ইউসুফের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তাঁকে গ্রেপ্তারের আবেদন জানায়।