কায়সারের বিরুদ্ধে মামলা মুলতবি ১৫ ডিসেম্বর পর্যন্ত

সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা ১৫ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে গতকাল আসামির কাঠগড়ায় কায়সারের উপস্থিতিতে আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবাহান তরফদার বলেন, রাষ্ট্রপক্ষের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানির জন্য তাঁদের পর্যাপ্ত প্রস্তুতি নেই। এ কারণে তিনি সময়ের আরজি জানান। ট্রাইব্যুনাল আবেদন গ্রহণ করে মামলার পরবর্তী দিন ১৫ ডিসেম্বর ধার্য করেন।
আনুষ্ঠানিক অভিযোগে এরশাদ সরকারের কৃষি প্রতিমন্ত্রী কায়সারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে ১৫৫ জনকে হত্যা ও দুই নারীকে ধর্ষণের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে নিপীড়ন, দেশান্তরে বাধ্য করা, অপহরণের পর আটকে রেখে নির্যাতন ও অন্যান্য অমানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। একাত্তরের ২৭ এপ্রিল থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সময়ে তৎকালীন হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমায় (বর্তমানে এ দুটি জেলা) এসব অপরাধ সংঘটিত হয়।