কায়সারের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণসহ ১৮ অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র
মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র

সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। তাঁর বিরুদ্ধে একাত্তরে হত্যা, নিপীড়ন, ধর্ষণ প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের ১৮টি অভিযোগ আনা হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম ও তুরিন আফরোজ গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে কায়সারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষের ৭০ জন সাক্ষীর লিখিত জবানবন্দি ও সংশ্লিষ্ট নথিপত্র জমা দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ জানায়, সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এ মামলার একজন সাক্ষী। মামলাটি ট্রাইব্যুনাল-২-এ বিচারের জন্য আবেদন করা হয়েছে।
রাষ্ট্রপক্ষ জানায়, আনুষ্ঠানিক অভিযোগে কায়সারের বিরুদ্ধে একাত্তরে ১৫৫ জনকে হত্যা এবং দুই নারীকে ধর্ষণের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে নিপীড়ন, দেশান্তরে বাধ্য করা, অপহরণের পর আটকে রেখে নির্যাতন এবং অন্যান্য অমানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। একাত্তরের ২৭ এপ্রিল থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে তৎকালীন হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমায় এসব অপরাধ সংঘটিত হয়।
ট্রাইব্যুনাল-২-এর গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে গত ২১ মে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কায়সারকে গ্রেপ্তার করে। পরদিন ট্রাইব্যুনালে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানো হয়। তবে গত ৫ আগস্ট শারীরিক অবস্থা বিবেচনায় ট্রাইব্যুনাল কায়সারকে জামিন দেন। ওই সময় থেকে তিনি জামিনে আছেন। এরশাদ সরকারের সময় কায়সার কৃষি প্রতিমন্ত্রী ছিলেন।

রাষ্ট্রপক্ষ জানায়, একাত্তরে হবিগঞ্জ মহকুমার শান্তি কমিটির সদস্য কায়সার ৫০০-৭০০ স্বাধীনতাবিরোধীকে নিয়ে নিজের নামে ‘কায়সার বাহিনী’ গঠন করেন। এই কায়সার বাহিনী পাকিস্তানি সেনাদের মানবতাবিরোধী অপরাধ সংঘটনের সহায়তা করে।

হত্যা ও ধর্ষণের অভিযোগ: কায়সারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা ১৮তম অভিযোগে বলা হয়েছে, একাত্তরের ১৫ নভেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ২২টি গ্রামে কায়সারের নেতৃত্বাধীন কায়সার বাহিনী ও পাকিস্তানি সেনারা হামলা চালায়। এসব গ্রামে লুটপাটের পর ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ১০৮ জনকে হত্যা করা হয়। এই ১০৮ জনের নাম আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া কায়সারের বিরুদ্ধে আরও ৪৭ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এগুলো হলো: একাত্তরের ২৭ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শাহজাহান চেয়ারম্যান হত্যা, একই দিনে হবিগঞ্জের মাধবপুরে অহিদ হোসেন পাঠানসহ চারজনকে হত্যা, ২৮ এপ্রিল মাধবপুরের আবদুস সাত্তারসহ ১৫ জনকে হত্যা, ২৯ এপ্রিল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আবদুল আজিজসহ সাতজনকে হত্যা, একই দিনে শায়েস্তাগঞ্জের ডা. সালেহ উদ্দিন আহমেদসহ দুজনকে হত্যা, ১৫ মে মাধবপুরে আটজনকে হত্যা, ১৩ জুন হবিগঞ্জ সদরের শাহ্ ফিরোজ আলীকে হত্যা, ১৮ আগস্ট হবিগঞ্জের চুনারুঘাটে মহিবুল্লাহসহ চারজনকে হত্যা, ২৯ সেপ্টেম্বর মাধবপুরের সিরাজ আলীসহ চারজনকে হত্যা এবং অক্টোবরের মাঝামাঝি মাধবপুরের নাজিম উদ্দিনকে হত্যা। হত্যার অভিযোগগুলোর সঙ্গে অপহরণ, আটক, নির্যাতন, লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগও আনা হয়েছে।

দুটি ঘটনায় কায়সারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুসারে, একাত্তরের ১১ মে হবিগঞ্জের চুনারুঘাট থানার চাঁনপুর চা-বাগানে এক সাঁওতাল নারীকে ধর্ষণে সহায়তা করেন কায়সার। এ ছাড়া একাত্তরের আগস্ট মাসের মাঝামাঝি মাধবপুরে এক নারীকে ধর্ষণের সঙ্গে কায়সার জড়িত ছিলেন।