
সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রায় দেড় বছরে শেষ হয়েছে। মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা তাঁর বিরুদ্ধে ১৬টি অভিযোগ এনে গতকাল রোববার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দিয়েছে।
কায়সার শারীরিক কারণে জামিনে আছেন।
কায়সারের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করা উপলক্ষে তদন্ত সংস্থা গতকাল ধানমন্ডির ‘সেফ হোম’ কার্যালয়ে সংবাদ ব্রিফিং করে। ব্রিফিংয়ে তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান বলেন, একাত্তরে তৎকালীন হবিগঞ্জ মহকুমার শান্তি কমিটির সদস্য ও রাজাকার কমান্ডার সৈয়দ মো. কায়সার পাঁচ শতাধিক স্বাধীনতাবিরোধীকে নিয়ে ‘কায়সার বাহিনী’ গঠন করে পাকিস্তানি সেনাদের অপকর্মে সহায়তা করেন। তিনিই ছিলেন ওই বাহিনীর প্রধান।
ব্রিফিংয়ে জানানো হয়, মুক্তিযুদ্ধ শেষে আত্মগোপন করলেও ১৯৭৮ সালে কায়সার প্রকাশ্য রাজনীতিতে ফিরে আসেন এবং ১৯৭৯ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট-১৭ আসন থেকে নির্বাচিত হন। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে তিনি বিএনপিতে যোগ দেন এবং হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হন। পরে তিনি সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদের জাতীয় পার্টিতে যোগ দেন এবং ১৯৮৮ সালে হবিগঞ্জ-৪ আসন থেকে সাংসদ হন। ওই সময় তিনি কৃষি প্রতিমন্ত্রী ছিলেন। গত বছরের ২৮ মার্চ তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু করেন তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম।
তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য সানাউল হক ব্রিফিংয়ে বলেন, কায়সার প্রচুর অর্থবিত্তের মালিক এবং উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে। এ জন্য তদন্ত শেষ করতে অনেক সমস্যা হয়েছে ও সময় লেগেছে। তাঁর বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, আটকে রেখে মুক্তিপণ আদায়, অগ্নিসংযোগ প্রভৃতি অপরাধের ১৬টি অভিযোগ আনা হয়েছে।
গত ১৫ মে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২১ মে তাঁকে রাজধানীর একটি হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন জামিনের আবেদন খারিজ করে ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠান। ৫ আগস্ট শারীরিক অবস্থা বিবেচনা করে ট্রাইব্যুনাল তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেন।
কায়সারের বিরুদ্ধে অভিযোগ: তদন্ত সংস্থা জানায়, মুক্তিযুদ্ধকালে কায়সারের অপরাধের বিস্তৃতি ছিল হবিগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত। একাত্তরের ১৫ নভেম্বর কায়সারের নেতৃত্বে তাঁর বাহিনী ও পাকিস্তানি সেনারা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ২০-২২টি গ্রামে শতাধিক লোককে হত্যা করে এবং বাড়িঘর লুণ্ঠনের পর অগ্নিসংযোগ করে। তাঁর নেতৃত্বে কায়সার বাহিনী ও পাকিস্তানি সেনারা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও নাসিরনগর এবং হবিগঞ্জের সদর, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ এলাকায় হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও ধর্ষণ করে।
ব্রিফিংয়ে বলা হয়, একাত্তরের ১১-১২ মে কায়সার পাকিস্তানি সেনাদের নিয়ে হবিগঞ্জের চুনারুঘাটে এক সাঁওতাল নারীকে ধর্ষণ করেন। আগস্টের মাঝামাঝি মাধবপুরে অপহরণ, নির্যাতন ও ধর্ষণের ঘটনায় কায়সার জড়িত ছিলেন। তাঁর নেতৃত্বে কায়সার বাহিনী ১৮ আগস্ট চুনারুঘাট চা-বাগান এলাকায় চারজন মুক্তিযোদ্ধাকে আটকের পর নির্যাতন ও হত্যা করে লাশ কুয়ায় ফেলে দেয়।
তদন্ত সংস্থা জানায়, কায়সারের বিরুদ্ধে তদন্ত শেষ করতে প্রায় ৭০ জনের জবানবন্দি নেওয়া হয়েছে, তাঁদের মধ্যে একজন বর্তমান সাংসদ ও মন্ত্রিসভার এক সদস্যও রয়েছেন। ১৫৩ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের সঙ্গে এসব সাক্ষীর জবানবন্দি ও আনুষঙ্গিক নথিপত্র রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দেওয়া হয়।