কায়সারের বিরুদ্ধে ১৬তম সাক্ষীর জেরা শেষ
সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষী আবদুল মতিন ওরফে জামালকে আসামিপক্ষের জেরা শেষ হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ সোমবার আবদুল মতিনকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী এস এম শাহজাহান। শারীরিক কারণে জামিনে থাকা কায়সার এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
সাক্ষীকে জেরার সময় তাঁর জবানবন্দিতে উল্লেখ করা বিভিন্ন স্থানের অবস্থান সম্পর্কে প্রশ্ন করেন এস এম শাহজাহান। আসামিপক্ষের আইনজীবী প্রশ্ন করেন, একাত্তরে মাধবপুরের কত জন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন? জবাবে সাক্ষী বলেন, ‘এটা আমার জানা নেই।’
দেশ স্বাধীনের পর আপনি কী করতেন—এ প্রশ্নে সাক্ষী জানান, তিনি ব্যবসা করতেন। জেরা শেষ হলে এ মামলার কার্যক্রম আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।
সুবহানের মামলা বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি: এদিকে একই ট্রাইব্যুনাল আজ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মামলার কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা করেছেন। আসামিপক্ষের এক আইনজীবী জানান, এ মামলার অন্যতম আইনজীবী মিজানুল ইসলামের মা মারা গেছেন। পরে মামলার কার্যক্রমের জন্য পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।