কায়সারের শারীরিক অবস্থার প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের শারীরিক অবস্থা-সম্পর্কিত প্রতিবেদন ৩০ জুলাই দাখিল করার জন্য কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল সোমবার এ নির্দেশ দেন। কায়সারের আইনজীবী আবদুস সোবাহান তরফদার তাঁর জামিনের আবেদন জানালে ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আছেন।
এইচ এম এরশাদের আমলে কায়সার কৃষি প্রতিমন্ত্রী ছিলেন। তিনি ১৯৮৬ ও ১৯৮৮ সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত হন।
ইউসুফের বিরুদ্ধে অভিযোগের শুনানি বুধবার: জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানির জন্য আবারও দিন পুনর্নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল-২। গতকাল ধার্য দিনে ইউসুফের আইনজীবী আবদুর রাজ্জাক ট্রাইব্যুনালে উপস্থিত হতে না পারায় ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।
সুমন জাহিদকে জেরা আজ: পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী সুমন জাহিদকে আসামিপক্ষের অসমাপ্ত জেরা শেষ হয়নি। জেরার দিন ধার্য থাকলেও ট্রাইব্যুনাল-২-এর কম্পিউটার বিকল হয়ে পড়ায় জেরা হয়নি। ট্রাইব্যুনাল তাঁকে জেরার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন। শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদ গত রোববার ট্রাইব্যুনালে জবানবন্দি দেন।
সুমন জাহিদ জবানবন্দিতে বলেন, একাত্তরের ১৩ ডিসেম্বর দুপুরে তাঁর মাকে বাসা থেকে ধরে নিয়ে যাওয়ার সময় আলবদরদের সঙ্গে চৌধুরী মুঈনুদ্দীনও ছিলেন।
আইনজীবী প্রত্যাহারের আবেদন করলেন জহিরউদ্দিন জালাল: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী জহিরউদ্দিন জালাল ট্রাইব্যুনালে নিযুক্ত তাঁর আইনজীবী মহসিন রশীদকে প্রত্যাহারের আবেদন করেছেন। এ বিষয়ে শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।
জালাল সাংবাদিকদের বলেন, তাঁর আইনজীবী তাঁর সঙ্গে কথা না বলেই অভিযোগকারীপক্ষের সঙ্গে সমঝোতা করেছেন।
গত রোববার জালালকে সতর্ক করে তাঁর বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের নিষ্পত্তি করেন ট্রাইব্যুনাল-২। আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম ও জহিরউদ্দিন জালালের আইনজীবী মহসিন রশীদ এ বিষয়ে সমঝোতা করলে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।