কার কাছে বিচার চাইবেন জানতে চান হামিমের মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মা, তুমি আমাকে কয়দিন কলিজার টুকরা ডাকো না কেন? রাগ হয়েছ?’ হামিম প্রায়ই এ কথা বলত। মার মুখ থেকে কথাটা শুনতে খুব ভালোবাসত সে।‘এহন আমি সারা দিন আমার কলিজার টুকরারে ডাকি। সাড়া পাই না।’ সোনিয়া সাড়া পান না, কারণ তাঁর আদরের ধন হামিম চিরতরে সব অনুযোগের ঊর্ধ্বে চলে গেছে।উইল্স লিটল ফ্লাওয়ার স্কুলের কেজি শ্রেণীর শিক্ষার্থী হামিম শেখ ৩ ফেব্রুয়ারি বাসচাপায় মারা যাওয়ার পর থেকে তার মা সোনিয়ার মুখে কথা ছিল না। গত শুক্রবার কথা বলতে শুরু করে আর থামছিলেনই না। মা-ছেলের যত স্মৃতি, যত ঘটনা—একনাগাড়ে সব বলতে থাকলেন। বারবার ঘুরেফিরে আসছিল ৩ ফেব্রুয়ারির ভয়ংকর ঘটনা।মৃত্যুর ঠিক আগে স্কুল শেষে মায়ের হাতের নিরাপদ আশ্রয়ে রাস্তা পার হচ্ছিল হামিম। ঘাতক বাস হঠাত্ এসে ছিন্নভিন্ন করে দেয় ভালোবাসা আর নির্ভরতার সব বন্ধন।কীভাবে কী হয়ে গেল, এখনো যেন বুঝে উঠতে পারছেন না সোনিয়া। এত দিন প্রায় মৌন থাকায় কাউকে কিছু বলেননি। কথা বলতে শুরু করার পর ঘটনার বর্ণনা দিয়েছেন:‘রাস্তা পার হয়ে যেদিকে রিকশা নিব, মধুমতী বাসটা অনেকক্ষণ সেই দিকে দাঁড়িয়ে একবার পিছায় একবার আগায় আর যাত্রী ডাকে। তখন রাস্তায় আর কোনো গাড়ি ছিল না। আমার মনে হইল, ওইটা দাঁড়ায়েই আছে, ৫০০ গজ সামনে দিয়ে পার হলে চালক দেখতে পাবে। আমরা যেই না ফুটপাতে উঠব, অমনি কী যে হইল, দেখলাম একটা বাসের দুই চাকার মাঝ বরাবর আমি শুয়ে আছি। আর শুনলাম একটা চিত্কার—ও আম্মু রে, আম্মু!’বাসটা তাঁর ওপর দিয়ে চলে যেতেই উঠে বসেন অক্ষত থাকা সোনিয়া। দেখেন, তাঁর হামিমের মগজ বের হয়ে রাস্তায় পড়ে আছে। সে নিজে উপুড় হয়ে রাস্তায় শুয়ে আছে। চারদিক রক্তে ভেসে গেছে। এর পরের আর কিছু মনে নেই তাঁর।‘জ্ঞান ফেরার পর চোখ মেলেই ছেলেকে দেখতে চাইলাম। সবাই বলল, “সে বেঁচে আছে। তুমি সুস্থ হলেই নিয়ে আসব।” কিন্তু আমি তো জানি, আমি নিজে বেঁচে ছেলেকে বাঁচাতে পারিনি।’প্রতিটা বাক্যের পর সোনিয়া এখন একটি প্রশ্ন করেন, ‘ব্রেক করলে ড্রাইভারের কী ক্ষতিটা হতো?’ কিছুতেই যেন সান্ত্বনা পায় না অবুঝ মাতৃহূদয়। কার কাছে আবেদন করলে চালকের শাস্তি হবে, জানতে চান তিনি।কত স্মৃতি কত কথা ভেসে আসে মায়ের মনে। পুরান ঢাকায় বড় হওয়া হামিম শুদ্ধ বাংলায় কথা বলত, সবাইকে শুদ্ধ ভাষা বলতেও বলত। স্কুলে যাওয়ার পথে রিকশাওয়ালাকে বলত, ‘চাচা, আস্তে চালাবেন। আমার মায়ের কোমরে ব্যথা।’ আর নিজের কচি হাত দিয়ে মাকে জড়িয়ে ধরে বসে থাকত, যেন ঝাঁকুনি না লাগে।ছেলেকে আর ফিরে পাবেন না, বোঝেন সোনিয়া। কিন্তু তার মৃত্যুর সঠিক বিচার হবে না, তা মেনে নিতে পারেন না। দুর্ঘটনায় মৃত্যুর আইন দুর্বল কেন, কেন দায়ী ব্যক্তিকে কঠিন শাস্তি দেওয়া হবে না—এ রকম আরও অনেক প্রশ্ন তাঁর।হামিমের বাবা মোতালেব শেখ বললেন, ‘এক-দুই মাস পর জামিন নিয়ে চালক বের হয়ে আসবে শুনে ঘুমাতে পারি না। ওদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমরা যারা বুকের মানিক হারিয়েছি তাদের বাঁচতে দিন।’ঢাকা মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালত সূত্রে জানা গেছে, দুর্ঘটনার মামলায় প্রায় ৪৮ শতাংশেরই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। গত বছর রাজধানীতে সংঘটিত ৬১৭ দুর্ঘটনার মামলার মধ্যে ২১৯টির চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।