চট্টগ্রাম বন্দরের তদন্ত কমিটির সুপারিশ চার বছরেও মানা হয়নি
কার গাফিলতিতে খালি কনটেইনারে শ্রমিক?
২০১১ সালের ১ এপ্রিল। ঠিকাদার নিয়োজিত শ্রমিক আল আমিন ও দীন ইসলাম চট্টগ্রাম বন্দরে কাজ করার সময় ক্লান্তির কারণে একটি খালি কনটেইনারের ভেতরে ঘুমিয়ে পড়েন। সেদিন রাতেই কনটেইনারটি তালাবদ্ধ করে জাহাজে তুলে দেওয়া হয়। নয় দিন পর সিঙ্গাপুর বন্দরে ওই কনটেইনার থেকে আল আমিনকে মৃত আর দীন ইসলামকে জীবিত উদ্ধার করা হয়।
এ ঘটনার পর গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার তদারকিতে থাকা উচ্চপর্যায়ের কমিটির (ডেজিগনেটেড অথরিটি কমিটি) বৈঠকে সিদ্ধান্ত হয়, খালি কনটেইনার জাহাজে তোলার আগে কনটেইনারের মালিকপক্ষ, শুল্ক কর্তৃপক্ষ ও বেসরকারি অপারেটরের প্রতিনিধিকে কনটেইনার যাচাই-বাছাই করতে হবে।
২০১১ সালে বন্দর কর্তৃপক্ষের গঠন করা তদন্ত কমিটিও খালি কনটেইনার জাহাজীকরণের সময় তা ভালোভাবে যাচাই-বাছাই করার সুপারিশ করেছিল।
কিন্তু চার বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। গত বুধবার চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাওয়া কনটেইনার বোঝাই জাহাজ ‘এমভি ইলেন এস’ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে মংলা বন্দর জেটিতে ভেড়ে। বেশ কিছু কনটেইনার খালাসের পর একটির মধ্যে শব্দ শুনতে পান জেটিতে কর্মরত শ্রমিকেরা। তাঁরা সেটি খুলে গুরুতর অসুস্থ অবস্থায় আবু তাহের নামের এক ব্যক্তিকে উদ্ধার করেন। ওই কনটেইনারে তিনি ৩৩ ঘণ্টা আটকে ছিলেন।
আবু তাহের প্রথম আলোকে জানান, কাজ করার সময় কনটেইনারে ঘুমিয়ে পড়তে পারেন তিনি। মংলা বন্দরে শ্রমিকেরা টের পাওয়ায় তাঁর জীবন রক্ষা হয়েছে। জাহাজটির সিঙ্গাপুর বন্দর পর্যন্ত যাওয়ার কথা ছিল।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, কনটেইনারটি (জিইএসইউ ৯১২২১৪৯) বেসরকারি কনটেইনার ডিপো শফি মোটরস থেকে গত বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে বন্দরে ঢোকানো হয়। পরে কনটেইনারটি বন্দরের নয় নম্বর জেটিতে অবস্থানরত ‘এমভি ইলেন এস’ জাহাজে তুলে দেওয়া হয়। জাহাজটি বন্দর জেটি ত্যাগ করে দুপুর সাড়ে ১২টায়। ডিপো থেকে ট্রেইলারে তুলে দেওয়ার সময় কনটেইনারটির দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়।
নিয়মানুযায়ী শুল্ক বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা কনটেইনারটির বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়ার সময় ভেতরে কিছু আছে কি না, তা যাচাই-বাছাই করার কথা।
এ বিষয়ে জানতে চাইলে কাস্টমসের দায়িত্বরত সহকারী কমিশনার আঞ্জুমান আরা প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখছি।’
বন্দরের পরিচালক (প্রশাসন) জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘কনটেইনারে কীভাবে শ্রমিক আটকা পড়ল, এতে কারও দায়িত্বে অবহেলা আছে কি না, এসব বিষয় আমরা ইতিমধ্যে খতিয়ে দেখতে শুরু করেছি। অনুসন্ধান শেষে এ বিষয়ে বলা যাবে।’
বন্দর-সহায়ক স্থাপনা বেসরকারি ডিপোতে আন্তর্জাতিক মানের নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়ন বাধ্যতামূলক। এর পরও বেসরকারি ডিপোতে কনটেইনারের ভেতরে মানুষ আটকা পড়ার বিষয়টিকে নিরাপত্তাত্রুটি বলছেন বন্দরের কর্মকর্তারা। চার বছর আগের সুপারিশ না মানায় কনটেইনারে মানুষ আটকা পড়ার ঘটনা ঘটেছে বলে তাঁরা মনে করছেন।
২০১১ সালে বন্দর কর্তৃপক্ষ গঠিত ওই তদন্ত কমিটির প্রধান ছিলেন বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম। গতকাল রাতে তিনি প্রথম আলোকে বলেন, ‘অনেক আগে বিষয়টি তদন্ত করে সুপারিশ করেছিলাম। কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটি সংশ্লিষ্ট বিভাগই বলতে পারবে।’