কার টাকায় যন্ত্রপাতি কেনা হবে, সে সিদ্ধান্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দর না বেসরকারি প্রতিষ্ঠানের টাকায় নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার যন্ত্রপাতি কেনা হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম বন্দরের ১২৮তম বার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি। বন্দর প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই মতবিনিময় সভার আয়োজন করে বন্দর কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান লিখিত বক্তব্য পড়ে শোনান। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানে বন্দরের বর্তমান কর্মকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন টার্মিনালের ব্যবস্থাপক এনামুল করিম।
নিউমুরিং কনটেইনার টার্মিনালের কনটেইনার ওঠানো-নামানোর কাজটি করে বেসরকারি সংস্থা। তবে এই টার্মিনালের যন্ত্রপাতি বন্দর কর্তৃপক্ষের।
বন্দর চেয়ারম্যান জানান, নিউমুরিং কনটেইনার টার্মিনালের পাঁচটি জেটিতে এখন জাহাজ ভেড়ানো হচ্ছে। তবে সব যন্ত্রপাতি না থাকায় ক্রেন আছে—এমন জাহাজ ভেড়ানো হচ্ছে। যন্ত্রপাতি কে কিনলে বন্দর লাভবান হবে, তা শনাক্ত করার জন্য নৌ মন্ত্রণালয় গঠিত কমিটি এখনো প্রতিবেদন দাখিল করেনি। প্রতিবেদন পেলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
প্রায় ৫৬৮ কোটি টাকা ব্যয়ে একসঙ্গে পাঁচটি জাহাজ ভেড়ানোর ক্ষমতাসম্পন্ন নিউমুরিং কনটেইনার টার্মিনাল ২০০৭ সালে নির্মাণ করা হয়। কিন্তু কয়েক দফা উদ্যোগ নিয়েও টার্মিনালটি চালু করতে পারেনি বন্দর।
কর্ণফুলী নদীতে ‘ক্যাপিটাল ড্রেজিং’ প্রকল্পে অচলাবস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান, ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করার পর জটিলতা তৈরি হয়েছে। তারা আদালতে গেছে। এখন আদালতের অনুমতি নিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় খননকাজ করে প্রকল্প এলাকায় নির্মিত জেটি চালু করা হবে। পলি অপসারণেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বন্দর চেয়ারম্যান জানান, কনটেইনার পরিবহনে গড়ে ১৫ শতাংশ প্রবৃদ্ধি বাড়ছে। কনটেইনার পরিবহনের হার অনুযায়ী সক্ষমতা না বাড়ালে সমস্যায় পড়তে হবে। এ জন্য একসঙ্গে লালদিয়া টার্মিনাল, বে টার্মিনাল ও কর্ণফুলী কনটেইনার টার্মিনাল নির্মাণের প্রক্রিয়া চলছে। ২০১৯ সালের মধ্যে এসব টার্মিনাল নির্মাণের কাজ হওয়ার কথা। তিনি জানান, প্রধানমন্ত্রী গত বছর পায়রা বন্দর উদ্বোধন করেছেন। ২০১৮ সালে পায়রা বন্দরে দুই কিলোমিটার দীর্ঘ টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে। এ বছরের ডিসেম্বরে পায়রা বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. নজরুল ইসলাম, বন্দর সদস্য (অর্থ) মো. সিদ্দিক, সদস্য (প্রকৌশল) কমোডর জুলফিকার আজিজ ও সদস্য (হারবার ও মেরিন) কমোডর শাহীন রহমান।