কার নির্দেশে হত্যা জানতে শাহজাহানকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে এসপির স্ত্রী খুন
চট্টগ্রামে এসপির স্ত্রী খুন

পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যায় সরাসরি অংশ নেওয়া মো. শাহজাহানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গত রোববার রাত থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান। এর আগে রোববার শাহজাহানসহ তিন আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গতকাল দুপুরে তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, শাহজাহান মাহমুদা হত্যায় সরাসরি অংশগ্রহণ করেছেন। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও ফুটেজে এটি রয়েছে। তিনি মামলার একজন গুরুত্বপূর্ণ আসামি। হত্যাকাণ্ডে আর কারা অংশ নিয়েছেন, কার নির্দেশে তাঁরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন এসব বিষয় শাহজাহানের কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে।
তদন্ত কর্মকর্তা বলেন, শাহজাহানের রিমান্ড শেষ হওয়ার পর আসামি এহতেশামুল হক ওরফে ভোলা (অস্ত্র সরবরাহকারী) ও মুছার (হত্যার পরিকল্পনাকারী) ভাই সাইদুল শিকদার ওরফে সাকুকে জিজ্ঞাসাবাদ করতে কারাগার থেকে আনা হবে।
গত ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিনজনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন। হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি ওয়াসিম ও আনোয়ার ২৬ জুন চট্টগ্রাম আদালতে জবানবন্দি দেন। এতে তাঁরা উল্লেখ করেন, হত্যাকাণ্ডে ওয়াসিম, আনোয়ার, মো. রাশেদ, নবী, মো. শাহজাহান, কামরুল সিকদার ওরফে মুছা ও মো. কালু অংশ নেন।
আসামিদের মধ্যে নবী ও রাশেদ ৫ জুলাই ভোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।