বেশ উষ্ণতা আর আন্তরিকতাপূর্ণ পরিবেশে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলাপচারিতা চলছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী অ্যালান ডানকানের। গত বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে বৈঠকটি হয়। সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন। হঠাৎ শেখ হাসিনা জানতে চান, ৫ জানুয়ারির নির্বাচন বর্জনে বিএনপিকে কে রাজি করিয়েছিল, এটা কি তাঁরা জানেন?
বৈঠক সূত্র জানায়, শেখ হাসিনা বলেন, বিদেশি শক্তি তাদের ক্ষমতায় বসাবে এতে আশ্বস্ত হয়েই বিএনপি ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করেছে। প্রধানমন্ত্রীর এমন প্রশ্ন আর বক্তব্যে হতচকিত হয়ে যান ডানকান ও গিবসন। পরে নিজেকে সামলে নিয়ে গিবসন প্রধানমন্ত্রীকে জানান, বিএনপিকে নির্বাচন বর্জনে তিনি উৎসাহিত করেননি। এরপর একটি প্রভাবশালী দেশের রাষ্ট্রদূতের নাম উচ্চারণ করে প্রধানমন্ত্রী বাংলায় মন্তব্য করেন, বিএনপিকে নির্বাচন বর্জনে রাজি করাতে ওই রাষ্ট্রদূত সফল হয়েছেন।
জানা গেছে, উপজেলা নির্বাচনে ভোট কারচুপিসহ ব্যাপক অনিয়মের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অ্যালান ডানকান আলোচনার সময় তাঁর হতাশা প্রকাশ করেন।
বাসস জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার চ্যান হেং উইং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।