কার ভুলের মাশুল দেবে তিন পরীক্ষার্থী?
তিন ছাত্রী ২০১৭ সালে এসএসসি সমমানের দাখিল পরীক্ষা দেবে। তাদের মধ্যে দুজন দুই বছর ধরে বিজ্ঞান ও একজন মানবিক বিষয়ে পড়াশোনা করেছে। কিন্তু তাদের ফরম পূরণ করতে হয়েছে অন্য বিষয়ে। ফলে বিপাকে পড়েছে ওই তিন পরীক্ষার্থী।
ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের শোলাকুণ্ডু কেরামতিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষের ভুলের কারণে ওই তিন পরীক্ষার্থীর মধ্যে যে দুজন বিজ্ঞান বিষয়ে পড়েছে তাদের মানবিকে এবং যে মানবিক বিষয়ে পড়েছে তাকে বিজ্ঞান বিষয়ে ফরম পূরণ করতে হয়েছে।
কার ভুলে এ সমস্যা হয়েছে, এ ব্যাপারে ওই মাদ্রাসা ও মাদ্রাসা শিক্ষা বোর্ড একে অপরকে দুষে বক্তব্য দিয়ে নিজেদের দোষ এড়াতে চাইছে। তবে এ বাদানুবাদে ওই তিন পরীক্ষার্থীর সমস্যার সমাধান মিলছে না। তাদের শঙ্কা তারা অকৃতকার্য হবে।
ওই তিন শিক্ষার্থীর মধ্যে সালথার জয়ঝাপ এলাকার আছিয়া আক্তারকে গত দুই বছর মানবিক বিষয়ে পড়াশোনা করে ফরম পূরণ করতে হয়েছে বিজ্ঞান বিষয়ে। অপর দিকে সদরের কৈজুরির তুঘলদিয়ার সুমাইয়া আক্তার ও শোলাকুণ্ডুর মীম আক্তারকে দুই বছর বিজ্ঞান বিষয়ে পড়ে ফরম পূরণ করতে হয়েছে মানবিক বিষয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শোলাকুণ্ডু কেরামতিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘মাদ্রাসা বোর্ডের ভুলের কারণে এ সমস্যা হয়েছে। আমি বোর্ডে এ ব্যাপারে একাধিকবার যোগাযোগ করেছি, তাঁরা বলেছেন এ ব্যাপারে তাঁদের করণীয় কিছু নেই।’ তিনি বলেন, রেজিস্ট্রেশনের পর বোর্ড থেকে দুই ছাত্রীর নাম পুনরায় চেয়ে পাঠিয়েছিল। সে নাম বসাতে গিয়েই হয়তো গোলমাল করে ফেলেছে বোর্ড।
তবে অভিযোগ অস্বীকার করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের ব্যক্তিগত সহকারী (পিএ) আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এ ভুল বোর্ড করেনি। রেজিস্ট্রেশনের সময় ওই মাদ্রাসা এ ভুল করেছে। হয়তো কম্পিউটারের ঘর পূরণের সময় এক ঘরের বদলে অন্য ঘরে টিক দিয়ে দিয়েছে। এখন এ দায় আমাদের ওপর চাপানো যুক্তিসংগত হবে না।’
আছিয়া আক্তারের বাবা মো. আতিক বলেন, ‘এ ঘটনার পর থেকে আমার মেয়ে কান্নাকাটি করছে। মেয়ে বলেছে, দুই বছর মানবিক বিষয়ে পড়ার পর তার পক্ষে আগামী দেড় মাস বিজ্ঞান বিষয়ে পড়ে পরীক্ষা দেওয়া সম্ভব না। এভাবে পরীক্ষা দিতে হলে তার ফেল করা ছাড়া কোনো উপায় নেই।’ মো. আতিক আরও বলেন, ‘এত দিন মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের কিছু জানায়নি। ফরম পূরণের সময় এ সমস্যা দেখা গেল।’ তিনি প্রশ্ন রাখেন, মাদ্রাসা ও বোর্ডের ভুলের বলি শিক্ষার্থীরা হবে কেন?