ভোটার নম্বর ৬৩৫। নম্বর স্লিপ নিয়ে ঘুরছিলেন শিরিন আক্তার, এ বুথ থেকে ওই বুথে। শেষ পর্যন্ত হতাশ হলেন। কারণ, তাঁর ভোট অন্য কেউ দিয়ে দিয়েছেন।
শ্বশুরবাড়ি রাজেন্দ্রপুর থেকে বাবার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বেপারীপাড়া কেন্দ্রে এসেছিলেন শিরিন আক্তার। বললেন, ‘এত দূর থেইকা আইলাম, ভোট দিবার পারলাম না। অন্য মানুষ দিয়া দিছে।’
প্রিসাইডিং কর্মকর্তা বিভাষ চন্দ্র সাহা বললেন, ‘এমন তো ঘটার কথা নয়।’ মুখ থেকে বোরকার নেকাব সরিয়ে শিরিন বললেন, ‘প্রমাণ চান? আমার চেহারার লগে আইডি কার্ড আর ভোটার নম্বর মিলায়া দ্যাখেন। এই যে দ্যাখেন, আমার বুইড়া আঙ্গুলে কালির ছাপ নাই।’ চুপ করে গেলেন প্রিসাইডিং কর্মকর্তা।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনে অনেক কেন্দ্রের চিত্র ছিল এ রকম। সকাল থেকেই বেশির ভাগ কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের দেখা যায়নি। অনেক কেন্দ্রে বুথের ভেতরে-বাইরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর এজেন্টদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ছিলেন নীরব।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শাহিন আহমেদের নিজ কেন্দ্র রাজেন্দ্রপুর বাঘৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কেন্দ্র দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির এজেন্ট হওয়ার জন্য কোনো আবেদনপত্র জমা পড়েনি বলে জানান প্রিসাইডিং কর্মকর্তারা।
বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক নাজিম উদ্দিন মাস্টার বলেন, বেশির ভাগ কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এ ছাড়া আগের রাতে শাহিন আহমেদের লোকজন ভয় দেখানোয় অনেকে কেন্দ্রেই যাননি। নাজিম উদ্দিন বলেন, ‘নজিরবিহীন ভোট ডাকাতির বিচার বিভাগীয় তদন্ত দাবি করে নির্বাচন স্থগিত করার আবেদন জানিয়েছি।’
শাহীন আহমেদ বিএনপির প্রার্থীর এজেন্টদের ভয় দেখানোর অভিযোগ অস্বীকার করে বলেন, এটা নাজিম উদ্দিনের ব্যর্থতা।
এক কর্মীর হাতে ১৫-২০টি ব্যালট পেপার: বেলা পৌনে তিনটার দিকে আগানগর এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্কুল কেন্দ্রের তৃতীয় তলায় ৭ নম্বর বুথের মাঝখানে রাখা ব্যালট বাক্সে তিন যুবককে দেখতে পাওয়া যায়। তিনজনের হাতেই ১৫-২০টি করে ব্যালট পেপার। তাঁরা একটি একটি করে বাক্সে ফেলছিলেন। ‘এত ভোট দিচ্ছেন!’ বলতেই সবগুলো ব্যালট পেপার একসঙ্গে ভাঁজ করে বাক্সে ফেলে তাঁরা চলে যান। এঁদের একজনের নাম মেহেদী বলে জানান। তিনি ঢাকা জেলা ছাত্রলীগের নেতা।
প্রিসাইডিং কর্মকর্তা মোস্তাক আহমদকে জানালে তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান। এ ঘটনার সময় কর্তব্যরত পুলিশ মো. মঈন বারান্দায় টুলে বসে গল্প করছিলেন।
আরও অনিয়ম: এর আগে দুপুর পৌনে ১২টার দিকে কোন্ডা ইউনিয়নের নতুন বক্তারচর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দেখা যায়, বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন বেশ কয়েকজন যুবক। একপর্যায়ে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শওকত আলীর নির্দেশে পুলিশ চারজনকে আটক করে। দুটি মুঠোফোনও জব্দ করা হয়। এঁরা হচ্ছেন মো. সেলিম, মাহমুদ আলম, হূদয় ও সোহানুর রহমান। এই যুবকেরা দাবি করেন, এজেন্টদের খাবারের টাকা দিতে এসেছিলেন তাঁরা। ম্যাজিস্ট্রেট জানান, তাঁদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা হবে।
সকাল ১০টার দিকে নয়া শুভাঢ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মহিলা বুথের ভেতরে যুবলীগের নেতা মোল্লা জুয়েলকে ঘোরাফেরা করতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী ভোটার বলেন, তাঁর কাছ থেকে ব্যালট পেপার নিয়ে নিজেই সিল মেরে বাক্সে ফেলে দেন ওই নেতা। তবে মোল্লা জুয়েল তা অস্বীকার করেন।
বেলা তিনটার দিকে কলাতিয়া ইউনিয়ন খাড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিসাইডিং কর্মকর্তাসহ দায়িত্বরত কর্মকর্তাদের লাঞ্ছিত করে একদল ক্যাডার বেশ কয়েকটি ব্যালট পেপার ছিনতাই করে বলে অভিযোগ পাওয়া যায়। প্রিসাইডিং কর্মকর্তা মো. কামাল হোসেন তা স্বীকার করেন।