কার সাজা কে খাটে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইয়ের একটি সাজার মামলায় মোস্তফা নামের এক ব্যক্তি কারা ভোগ করছেন। কারাগার থেকে আদালতে পাঠানো সাজার পরোয়ানার ছবি দেখে আদালতের প্রশ্ন, কে এই মোস্তফা? আসামির কয়েদি নম্বর ১৭৫৬১০২। দুজনের বাবার নামে মিল নেই। সাজা পরোয়ানায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. মোস্তফা, পিতার নাম দলিল উদ্দিন খলিফা। এ মামলায় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া আসামি মো. মোস্তফার বাবার নাম দলিল উদ্দিন। তবে দুজনের গ্রামের ঠিকানা পুনা বালিয়া, জেলা ঝালকাঠি। ঘটনাস্থল থেকে গ্রেপ্তারকৃত আসামি মোস্তফা ২০১২ সালের আগস্ট মাসে জামিন পেয়ে পালিয়ে যান।

গত ২৫ মার্চ ঢাকা মহানগর হাকিম মো. রেজাউল করিম এই ছিনতাই মামলার আসামিকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন। একই সঙ্গে আদালত পলাতক আসামি মোস্তফার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত ১০ আগস্ট ঢাকায় বর্তমানে কারাভোগকারী মোস্তফাকে গ্রেপ্তার করে ঝালকাঠি থানার পুলিশ। পরে তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। ১২ সেপ্টেম্বর গ্রেপ্তারকৃত আসামি মোস্তফাকে হাজতি পরোয়ানা দিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় মহানগর হাকিম হাজতি পরোয়ানা স্বাক্ষর করার সময় দেখতে পান পরোয়ানায় আসামির ছবি এবং আদালতে হাজির করা ব্যক্তির সঙ্গে কোনো মিল নেই। শুনানি শেষে সাজা পরোয়ানায় গ্রেপ্তার করা ব্যক্তি এবং ঘটনাস্থল থেকে আটক করা মোস্তফা একই ব্যক্তি কি না, তদন্ত করে ঢাকার কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষকে প্রতিবেদন দাখিলের আদেশ দেন আদালত।

মোস্তফার আইনজীবী জাহিদুল ইসলাম আদালতকে বলেন, মোস্তফার মা-বাবা নেই। ঢাকার মিরপুর এলাকায় ইট ভাঙার কাজ করতেন। সম্প্রতি ইটের আঘাতে তাঁর একটি চোখ নষ্ট হয়ে গেলে তিনি গ্রামের বাড়ি চলে যান।

২০১২ সালের চিকিৎসক কান্তা ঢাকার কোতোয়ালি থানার ছিনতাইয়ের অভিযোগে এ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, এজাহারকারী ধানমন্ডি থেকে নবাবগঞ্জ যাওয়ার পথে তাঁতীবাজার মোড়ে গাড়ির গতিরোধ করে আসামি মোস্তফাসহ আরও দুজন অস্ত্রের ভয় দেখিয়ে সোনার চেইন ছিনতাই করে। এ সময় তাঁর চিৎকারে দুজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আসামি মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তদন্ত শেষে চলতি বছরের ২৮ মে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।