কার সাজা কে খাটে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলার মূল আসামি আশরাফুল ইসলাম (৫০)। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের সোনারপাড়া এলাকায় তাঁর বাড়ি। কিন্তু আশরাফুল সেজে গত ২৭ জানুয়ারি গোবিন্দগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির হন একই এলাকার সাজু মিয়া (৪৫)। আদালত মামলার রায়ে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। ওই দিনই তাঁকে কারাগারে পাঠানো হয়। এদিকে মূল আসামি আশরাফুলকে গত বুধবার রাতে অন্য একটি চুরির মামলায় গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে চমকপ্রদ এই তথ্য বেরিয়ে আসে।
পুলিশ জানায়, ২০০৮ সালে ১০৯ বোতল ফেনসিডিলসহ আশরাফুলকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়। পরে তিনি জামিনে ছাড়া পান। ২৭ জানুয়ারি রায়ের দিন আশরাফুলের ওই আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু তিনি ১৭ হাজার টাকা চুক্তিতে একই এলাকার সাজু মিয়াকে আশরাফুল পরিচয়ে ওই মামলার আসামি হিসেবে আদালতে হাজির করানোর ব্যবস্থা করেন। চুক্তির সময় আশরাফুল এই মামলায় তাঁর জেল হবে না বলে সাজুকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু সেদিন আদালত মামলার রায়ে আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, চুরির অভিযোগে হওয়া একটি মামলায় আশরাফুলকে বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হওয়া মামলায় তাঁর বদলে সাজুর কারাভোগ করতে হচ্ছে বলে তিনি জানান।
ওসি জাহিদুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার তাঁকে (আশরাফুল) কারাগারে পাঠানো হয়। এ ছাড়া মাদকদ্রব্য আইনে হওয়ায় মামলার প্রকৃত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।