কার স্বার্থে শর্ত শিথিল?
চট্টগ্রাম বন্দর থেকে বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদের গবেষণাগারের দূরত্ব বড়জোর ১০ কিলোমিটার। গবেষণাগারটি আন্তর্জাতিক মানসম্পন্ন। তবু পরীক্ষা-নিরীক্ষার সুবিধা নেই—এই যুক্তিতে হাঁস-মুরগি ও মাছের খাবার আমদানির শর্ত শিথিল করেছে সরকার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সরকারের এই সিদ্ধান্তে হতাশ।
জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় ২০১২-২০১৫ মেয়াদে একটি আমদানি নীতিমালা চূড়ান্ত করে। নীতিমালায় মাছ, হাঁস-মুরগি ও পশুখাদ্য আমদানির ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়। নীতিমালার ১৭ (২)-এর ক ধারায় বলা হয়েছে, ‘আমদানিকৃত মত্স্য খাদ্য ক্লোরামফেনিকল ও নাইট্রোফিউরানসহ ক্ষতিকর ওষুধ, হরমোন ও স্টেরয়েডমুক্ত হতে হবে।’ বলা হয়েছে, এসব খাবার বন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে নাইট্রোফুরান ও অ্যান্টিবায়োটিক পরীক্ষা করাতে হবে। এখন সরকার এসব শর্ত শিথিল করেছে। সরকার বলছে, যে দেশ থেকে আমদানি করা হবে, সে দেশের সনদ থাকলেই চলবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক এ প্রসঙ্গে বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থা খাবারে ক্লোরামফেনিকল ব্যবহার নিষিদ্ধ করেছে। কোনো খাবারে এর উপস্থিতি থাকলে মানুষের শ্রবণেন্দ্রিয়, অস্থি-মজ্জা মারাত্মকভাবে আক্রান্ত হয়। নাইট্রোফিউরান খুব স্বল্প মাত্রায় ব্যবহার করা যাবে। এই অ্যান্টিবায়োটিকগুলোর সমস্যা হলো এগুলো নষ্ট হয় না। মুরগি, মাছ বা পশুখাদ্যে এই উপাদানগুলো থাকার অর্থ মানুষ যখন এগুলো খায়, তখন অ্যান্টিবায়োটিকগুলো তার শরীরে প্রবেশ করে।
জনস্বাস্থ্য হুমকির মুখে পড়তে পারে—এই আশঙ্কা সত্ত্বেও শর্ত শিথিল করা হলো কেন, এ প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব মাহবুব আহমেদ বলেন, ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, এই সুপারিশ করেছে অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা যেসব পণ্য বিদেশ থেকে আমদানি করি, তাতে ক্লোরামফেনিকল, নাইট্রোফিউরানসহ কোনো অ্যান্টিবায়োটিক থাকার প্রশ্নই ওঠে না। তাহলে কেন আমরা পরীক্ষা করাব? এটা তো সময় ও অর্থের অপচয়।’
এদিকে বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদের অত্যাধুনিক গবেষণাগারে কর্মরত একজন বৈজ্ঞানিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নীতির গুরুত্বপূর্ণ ধারাটি বাতিল করার আগে সরকার জানতে চেয়েছিল পরীক্ষাগুলো করা সম্ভব কি না। আমরা দুই মাস সময় চেয়েছিলাম। সরকার সে সময় আমাদের দেয়নি। এখন আমরা দুই দিনে ক্লোরামফেনিকল ও নাইট্রোফিউরান পরীক্ষা করছি। কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।’
মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ব্যবসায়ী প্রতিনিধিরা এই বলে সরকারকে ভয় দেখান যে আমদানি নীতির শর্ত বাতিল না হলে মাছ, মাংস, মুরগি, ডিমের দাম বাড়বে। সাধারণ মানুষের কষ্ট হবে।
খোঁজ নিয়ে জানা যায়, আমদানিকারকদের ভুল ভাঙাতে বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদ ‘চট্টগ্রাম অ্যানালেটিক্যাল ও মাইক্রোবিয়াল পরীক্ষণ’ সেবা বিষয়ে মতবিনিময় করতে শুরু করেছে।