কার হাতে উঠবে ধানের শীষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির চার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের চারজনকেই মনোনয়নের চিঠি দিয়েছে কেন্দ্র। কিন্তু শেষ পর্যন্ত কার হাতে উঠবে ধানের শীষ প্রতীক—এ নিয়ে চলছে আলোচনা।

ঘুরেফিরে বেশি আলোচিত হচ্ছে দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরীর নাম। গত বুধবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে এ আসনে তাঁর পক্ষে মনোনয়ন জমা দেওয়া হয়। তিনি ৬২টি মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। তাঁর ভাই চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সভাপতি মো. ইসহাক চৌধুরীও মনোনয়নপত্র দিয়েছেন। এ ছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির উপজেলা কমিটির সাবেক সভাপতি এ কে এম আবু তাহের ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ ওয়াই বি আই সিদ্দিকী।

নাম প্রকাশ না করার শর্তে দলটির উপজেলা কমিটির এক নেতা প্রথম আলোকে বলেন, যাঁরা দলের আন্দোলন–সংগ্রামে ছিলেন না, তাঁরাও দল থেকে চিঠি নিয়ে এসেছেন, দলের প্রার্থী হতে চাইছেন। অথচ তিনিসহ ত্যাগী নেতা–কর্মীরা বিভিন্ন মামলায় গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। একটা মিছিল কিংবা মিটিংও করতে সাহস পাচ্ছেন না।

দলের চার প্রার্থীর ব্যাপারে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় ও তৃণমূলের প্রার্থী আসলাম চৌধুরী। সরকার আসলাম চৌধুরীকে নির্বাচনের বাইরে রাখতে চাইছে। আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হওয়ার আশঙ্কা থেকে বিকল্প প্রার্থী রাখা হয়েছে। তারপরও শেষ পর্যন্ত কেন্দ্র যাঁকে ধানের শীষ প্রতীক দেবে, তিনি সংসদ নির্বাচন করবেন।

বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থী এ কে এম আবু তাহের দাবি করেন, তিনিই দলের মূল প্রার্থী। তা ছাড়া দল যদি আসলাম চৌধুরীকে মনোনয়ন দেয়, তবে তিনি আসলাম চৌধুরীকে ছেড়ে দেবেন, তাঁর পক্ষে কাজ করবেন।

উপজেলা কমিটির আহ্বায়ক তফাজ্জল হোসেন  বলেন, কেন্দ্রীয় নেতাদের কাছে গিয়ে অনেকেই মনোনয়ন চাইছেন। কেন্দ্র চারজনকেই  মনোনয়নের চিঠি দিয়েছে বলে তিনি শুনেছেন। এটি কেন্দ্রীয় নেতাদের রাজনৈতিক কৌশল।

তফাজ্জল হোসেন আরও বলেন, পুলিশ তাঁদের নেতা–কর্মীদের গায়েবিসহ বিভিন্ন মামলা দিয়ে আসামি করে রেখেছে। গ্রেপ্তারের ভয়ে এলাকায় থাকতে ভয় পাচ্ছেন নেতা-কর্মীরা। ন্যূনতম রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিচ্ছে না।

সীতাকুণ্ড থানার ওসি দেলওয়ার হোসেনের দাবি, সীতাকুণ্ড থানায় কোনো গায়েবি মামলা নেই।