কারও উচ্ছ্বাস, কারও মন ভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের উপপরিদর্শক পদে শারীরিক পরীক্ষায় অংশ নিতে গতকাল চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনস মাঠে ভিড় করেন প্রার্থীরা l ছবি: প্রথম আলো
পুলিশের উপপরিদর্শক পদে শারীরিক পরীক্ষায় অংশ নিতে গতকাল চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনস মাঠে ভিড় করেন প্রার্থীরা l ছবি: প্রথম আলো

কারও বুকের মাপ নেওয়া হচ্ছে। কেউ দৌড়াচ্ছেন। কেউবা অপেক্ষায় আছেন কখন ডাক পড়বে তাঁদের। যাঁরা শারীরিক পরীক্ষায় পাস করতে পেরেছেন, তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। আর যাঁরা পাস করতে পারেননি, তাঁরা মুখ বেজার করে বাড়ির পথ ধরেছেন। পুলিশের উপপরিদর্শক (এসআই) পদের নিয়োগে শারীরিক পরীক্ষায় এমন দৃশ্য দেখা গেছে।
গতকাল সোমবার সকাল থেকে নগরের চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইনে ১১ জেলার প্রার্থীদের শারীরিক পরীক্ষা হয়েছে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে দামপাড়া পুলিশ লাইন মাঠে শারীরিক পরীক্ষা দিতে এসেছেন জিয়াউল হাসান খান ও তারেকুল ইসলাম। তাঁরা প্রথম আলোকে বলেন, বুকের মাপ, দৌড় ও দড়ি বেয়ে উঠতে পারার শারীরিক পরীক্ষায় পাস করে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
কক্সবাজার থেকে আসা আবদুল মজিদ জানান, দৌড়াতে না পারায় তিনি পরীক্ষায় পাস করেননি। পরীক্ষায় কোনো অনিয়ম হচ্ছে কি না, জানতে চাইলে বলেন, যাঁদের শারীরিক যোগ্যতা আছে, তাঁরাই উত্তীর্ণ হচ্ছেন। কোনো ধরনের পক্ষপাত চোখে পড়েনি।
পরীক্ষা কমিটির সভাপতি চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম গতকাল সন্ধ্যায় দামপাড়া মাঠে প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকে পরীক্ষা চলছে। এখনো শেষ হয়নি। লাইনে যারা দাঁড়িয়ে আছে, সবার পরীক্ষা নেওয়া হবে।’ তবে কতজন পরীক্ষায় অংশ নিয়েছেন এবং কতজন শারীরিক পরীক্ষায় পাস করেছেন, তাৎক্ষণিকভাবে তার সঠিক পরিসংখ্যান জানাতে পারেননি তিনি।
পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থী ও উপস্থিত পুলিশ সদস্যদের ধারণা, প্রায় ১২ হাজার প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষায় চট্টগ্রাম জেলা, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের প্রার্থীরা অংশ নিয়েছেন।