কারও এজেন্ডা বাস্তবায়নে হেফাজত কাজ করছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ক্ষমতা দখলের উদ্দেশে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত সমাবেশ করেনি। কাউকে ক্ষমতায় বসানো বা নামানো হেফাজতের উদ্দেশ্য নয়। কোনো দল কিংবা রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নেও হেফাজত কাজ করছে না। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারীর পার্বতী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
হেফাজতে ইসলাম বাংলাদেশ, চট্টগ্রাম উত্তর জেলা শাখা ‘শিয়া সম্প্রদায়ের বাস্তব পরিচয় ও শানে রেসালাত’ নামে এ সমাবেশের আয়োজন করা হয়। বেলা আড়াইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এক ঘণ্টা বিলম্বে শুরু হয়। সমাবেশে আসা বেশির ভাগই ছিলেন হাটহাজারী বড় মাদ্রাসার (দারুল উলুম মঈনুল ইসলাম) শিক্ষার্থী। সমাবেশকে ঘিরে আশপাশের এলাকায় ছিল পুলিশের কঠোর নিরাপত্তা।
হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের আমির আল্লামা শাহ আহমদ শফী।
২৮ মিনিটের বক্তব্যে হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফী শাপলা চত্বরের ঘটনা সম্পর্কে কিছু বলেননি। শিয়াদের পরিচয় এবং কারা তাঁদের সঙ্গে রয়েছে এ নিয়ে বক্তব্য দেন তিনি। তাঁর বক্তব্য শেষে মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। মোনাজাতে শিয়াদের হাত থেকে মক্কা ও মদিনাকে রক্ষার জন্য দোয়া করেন তিনি।
সমাবেশে হেফাজতে ইসলামের মহাসচিব বলেন, কেয়ামতের আগ পর্যন্ত হেফাজতে ইসলাম থাকবে। নবীর সমালোচনাকারীদের ফাঁসির কাষ্ঠে ঝোলাতে হবে। এই দাবি কেয়ামত পর্যন্ত থাকবে। তিনি বলেন, ২০১৩ সালে নবীকে নিয়ে অশ্লীল বক্তব্য দিয়েছিল একজন কুলাঙ্গার। ৯২ ভাগ মুসলমানের দেশে নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। তাই মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাস করতে হবে।
জুনায়েদ বাবুনগরী তাঁর বক্তব্যের শেষ দিকে শাপলা চত্বর ও হাটহাজারীর ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের স্মরণ করেন। তাঁদের রক্তের বিনিময়ে দেশে ইসলামি হুকুমত কায়েম হবে বলে তিনি উল্লেখ করেন।