কারও কথায় নয়, নিজেদের পছন্দে ভোট দেবেন নারীরা
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রংপুরের তারাগঞ্জ উপজেলার নারী ভোটাররা দেখে, শুনে ও বুঝে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। অন্য কারও কথায় নয়, নিজেদের পছন্দেই তাঁরা ভোট দেবেন বলে জানিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আগামী শনিবার (২৮ মে) তারাগঞ্জের পাঁচটি ইউপিতে ভোট। এই উপজেলায় পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি। পাঁচ ইউপিতে মোট পুরুষ ভোটার ৪৯ হাজার ৩৩৪ জন। নারী ভোটার রয়েছেন ৪৯ হাজার ৭৮৪ জন। এখানে চেয়ারম্যান পদে ৩১ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৬২ ও সদস্যপদে ১৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নগুলো হলো ইকরচালী, সয়ার, আলমপুর, কুর্শা ও হাড়িয়ালকুটি।
নারী ভোটাররা বলেন, নারী প্রার্থীরা তাঁদের কাছে ভোট চাইলেও পুরুষ প্রার্থীরা আসেন না। পুরুষ প্রার্থীরা ভোট চাইছেন পুরুষদের কাছে গিয়ে। তবে নারীরা প্রতীক ও কারও কথায় নয়, দেখে, শুনে ও বুঝে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন।
হাড়িয়ালকুটি ইউপির সরকারপাড়া গ্রামের গৃহবধূ জহিরুন নেছা বলেন, ‘প্রার্থীরা দলে দলে আসি হামার সোয়ামির কাচত, গ্রামের দেওয়ানির কাচত বসি ভোট চাওছে। চা-মুড়ি খাবার খরচ দেওছে। কিন্তু এবার তো হামার দেওয়ানির কথা শোনমো না। সোয়ামির কথাতও ভোট দিমো না। যায় এলাকার উন্নয়ন কইরার পাইবে, গরু চুরি বন্ধ করবে, তাকে হামার ভোট দিমো।’
সয়ারের ডাঙ্গাপাড়া গ্রামের গৃহবধূ সোহাগী বেগম বলেন, ‘কারও মিষ্টি কথায় মুইও এবার ভোট দিবার নও। দেখি, শুনি ভোট দিমো। যায় বাল্যবিয়াও ঠেকেবার পাইবে, ট্যাকা ছাড়া রিলিফ দেবে, গরিব-দুঃখীর কষ্ট বুঝবে। হামার গ্রাম আইসার আস্তা (রাস্তা) কোনা পাকা করবে, তার মার্কা ভোট দিমো।’ ইকরচালীর জগদীশপুর গ্রামের গৃহিণী খাদিজা বেগম বলেন, ‘মার্কা দেখি নয়, সৎ লোক দেখি ভোট দিমো। নারী নির্যাতন, যৌতুক নেওয়া যায় কমার পাইবে, তাকে হামার নেতা বানামো।’
একই ইউপির লক্ষ্মীপুর গ্রামের গৃহিণী সোনালি আক্তার বলেন, ‘এই বারে মুই নতুন ভোটার হছুন। প্রথম ভোট দিবার পাইম, সেই জন্য খুব ভালো নাগোছে। কারও কথায় নয়, সৎ লোকোক ভোট দিমো।’ একই গ্রামের গৃহবধূ আয়শা খাতুন বলেন, ‘কারও কথায়, এমনকি স্বামীর কথায়ও এবার ভোট দেব না। দেখে, শুনে, বুঝে ভোট দেব। ঘুষ ছাড়া যে রিলিফ দেবে, তাকেই ভোট দিব।’
ইকরচালী কলেজের ছাত্রী উম্মে কুলসুম বলেন, ‘যাকে যোগ্য, দক্ষ, সৎ মনে হবে, তাকেই ভোট দেব।’
ইকরচালী ইউপিতে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন বলেন, ‘ভোটের জন্য বাড়িওয়ালাকে (স্বামী) বললেই তো হয়, সবাইকে বলার দরকার কী। বাড়িওয়ালিরা (স্ত্রী) কি বাড়িওয়ালার কথার বাইরে যায়?’