কারও ক্ষতি করে বিমানবন্দর নির্মাণ করা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, কাউকে ক্ষতিগ্রস্ত করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হবে না। এ সরকার জনগণের সরকার। জনগণের ক্ষতি হয় এমন কোনো কাজ সরকার করবে না। যারা নিরীহ আড়িয়লবাসীকে আন্দোলনের মদদ দিচ্ছে, তারা দেশ ও জনগণের ভালো চায় না। এ বিমানবন্দর নির্মিত হলে পাল্টে যাবে ঢাকার দোহার, নবাবগঞ্জ ও মুন্সিগঞ্জের শ্রীনগর এবং সিরাজদিখান এলাকার সার্বিক চিত্র। গতকাল শনিবার বিকেলে দোহারের মুকসুদপুর উদয়ন কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিমানবন্দরের বিপক্ষে আন্দোলনে বিএনপি-জামায়াতের উসকানি রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে তারা বিমানবন্দর হতে দিতে চায় না। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর স্ত্রী সৈয়দা হাসিনা মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ দত্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী আহসান খোকন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফজলুল হক প্রমুখ। এর আগে প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান জয়পাড়া পাইলট উচ্চবিদ্যালয় ও বেগম আয়েশা পাইলট উচ্চবিদ্যালয়ে বিনা মূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে প্রতিমন্ত্রী জয়পাড়া কলেজে দোহার সমিতির অনুষ্ঠানে যোগ দেন।