কারও চোখরাঙানিকে ভয় পাই না: মতিয়া চৌধুরী
কারও চোখরাঙানিকে সরকার এখন ভয় পায় না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে অনেক দূতিয়ালি ও চোখরাঙানি উপেক্ষা করে একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে পৌঁছেছি। এখন আর খাদ্যের জন্য কোথাও ছুটতে হয় না, হাত বাড়ালেই খাদ্য পাওয়া যায়। তাই কারও চোখরাঙানিকে আমরা আর ভয় পাই না।’
আজ বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষিবিদ দিবস ২০১৪-এর আলোচনাসভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
অনুষ্ঠানে সাবেক খাদ্যমন্ত্রী ক্ষমতাসীন দলের সাংসদ আব্দুর রাজ্জাক বলেন, যাঁরা মধ্যবর্তী নির্বাচনের কথা বলেন, তাঁদেরকে শক্ত ও কঠোর হাতে মোকাবিলা করা হবে। গত বছরের ৫ মে রাজধানীতে হেফাজতে ইসলামের তাণ্ডব সরকার যেভাবে মোকাবিলা করেছে, মধ্যবর্তী নির্বাচন যাঁরা চান, তাঁদেরও সেভাবে মোকাবিলা করা হবে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদাত উল্লাহ বলেন, ‘কৃষিবিদরা নতুন নতুন জাত উদ্ভাবন করে দেশ, জাতি এবং কৃষককে উপহার দিচ্ছেন। কৃষকেরা সেই উদ্ভাবনকে কাজে লাগিয়ে কৃষি উত্পাদন বাড়াচ্ছেন। কিন্তু সেই কৃষক যদি উত্পাদিত কৃষিপণ্যের ভালো দাম না পান, তা হলে কোনো লাভই হবে না।’ কৃষিমন্ত্রীকে উদ্দেশ করে উপাচার্য বলেন, কৃষককে কৃষিপণ্যের মূল্যের ব্যবস্থা করে দিতে হবে।
আলোচনা সভা শেষে কৃষিমন্ত্রী পিঠা উত্সব উদ্বোধন করেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা কৃষিবিদরা অংশ নেন।