চিকিৎসকের পরামর্শে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে মাইক্রোবাসের চালক মো. মিলনকে। তাঁর স্ত্রী বকুল বেগম শোকে স্তব্ধ হয়ে গেছেন। গুলিতে নিহত ছেলে সাইদুর রহমানের (শাকিল) জন্য কাঁদতে কাঁদতে তাঁর চোখ ফুলে গেছে। গত রোববার বিকেলে বারবার তিনি বলেছেন, কেন পুলিশ এভাবে গুলি করে মারল?
নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের উত্তর জিরতলীর গ্রামের কিশোর শাকিলের (১৪) বাড়িতে গত শনিবার রাত থেকেই মাতম চলছে। গত শনিবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের কে বি ইউনিয়ন উচ্চবিদ্যালয় কেন্দ্রের পাশে গুলিবিদ্ধ হয় সে। সেদিন বেলা ১১টার দিকে এক প্রার্থীর লোকজন কেন্দ্র দখল করতে গেলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ গুলি ছোড়ে। শাকিল তখন ভোটকেন্দ্রের পাশের বাংলাবাজার এলাকা থেকে বাড়িতে ফিরছিল। ধাওয়ার মধ্যে পড়ে গুলিতে সে আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়। শনিবার রাত নয়টার দিকে নিজ গ্রামে লাশ দাফন করা হয়।
শাকিলের খালা জেসমিন আক্তার বলেন, দেড় বছর বয়স থেকে শাকিল নানার বাড়িতে থাকত। তার নানার বাড়ি একই ইউনিয়নের সুলতানপুর গ্রামে। সেখানেই সে বড় হয়। এলাকার সুলতানপুর হানিফ ভূঁইয়া হাইস্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে পড়ত সে। পড়ালেখার ফাঁকে বাংলাবাজারে মামার ফলের দোকানও দেখাশোনা করত।
শাকিলদের বাড়িতে গিয়ে কথা হয় তার চাচা অটোরিকশার চালক মো. জসিম উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘পুলিশের গুলিতে আমার ভাতিজা মারা গেছে। এ কথা এলাকার সবাই বলবে। কিন্তু শনিবার রাতে থানায় অভিযোগ লেখার সময় বারবার চেষ্টা করেও এ কথাটি লেখাতে পারিনি। আমাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। অভিযোগ করে কী লাভ হবে। কোনো বিচার হবে না।’
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, কে বি ইউনিয়ন উচ্চবিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টার পর ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। এ সময় এক প্রার্থীর লোকজন কেন্দ্রের পাশের লক্ষ্মীপুর-চৌমুহনী সড়ক অবরোধ করে। পুলিশ অবরোধকারীদের সরে যেতে বলে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে পুলিশ শটগান থেকে নয়টি রাবার বুলেট ছোড়ে। শাকিল ইটের আঘাতে মারা গেছে। তার গায়ে পুলিশের গুলি লাগেনি।