নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে পুলিশের এক কর্মকর্তাকে হুমকি ও ভোট গ্রহণে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার শাহনেওয়াজ জানান, বিষয়টি তদন্ত করতে গেলে কেউ কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি।
আজ বুধবার নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের কাছে এমনটাই দাবি করেন। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনের অনিয়ম তদন্ত করে কমিটি প্রতিবেদন দিয়েছে। তদন্তে কেউ কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। এমনকি পুলিশ কর্মকর্তা বশির উদ্দিনও কোনো অভিযোগ করেননি। যে কারণে আমরাও কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাইনি। এ অবস্থায় কমিশনের পক্ষে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। ঘটনাটি ভোট গ্রহণের আগে ঘটলে ইসি সহজে ব্যবস্থা নিতে পারত। তবে রিটার্নিং কর্মকর্তা প্রয়োজন মনে করলে ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন।’
নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের বড় ভাই জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের মৃত্যুতে নারায়ণগঞ্জ-৫ আসনটি শূন্য হয়। এ আসনে গত ২৬ জুন উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে শামীম ওসমানের আরেক ভাই সেলিম ওসমান সাংসদ নির্বাচিত হন।
অভিযোগ রয়েছে, নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখলে বাধা দিলে সরকারি দলের সাংসদ শামীম ওসমান দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বশির উদ্দিনকে (অতিরিক্ত পুলিশ সুপার) মোবাইলে হুমকি দেন। এ ঘটনা তদন্ত করে নির্বাচনী তদন্ত কমিটি ইসিতে প্রতিবেদন পাঠিয়েছে।
ইসি সচিবালয় সূত্র জানায়, প্রতিবেদনে বলা হয়েছে, সাংসদ শামীম ওসমান ও স্থানীয় মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। কিন্তু কেউ সাক্ষ্য না দেওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে সুস্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই বিষয়টি অধিকতর তদন্তের প্রয়োজন আছে।
ইসি সচিবালয়ের কর্মকর্তারা বলেন, কমিশনের পক্ষে অধিকতর তদন্তের সুযোগ ছিল। কিন্তু তারা তা না করে অনেকটা দায়িত্ব এড়াতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছেন।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নির্বাচনী কাজে কেউ বাধা দিলে বা কাউকে ভয়ভীতি প্রদর্শন করলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারেন।
ইসি সচিবালয় সূত্র জানায়, কমিশন এ আইনের ওপর ভিত্তি করে দায়িত্বটি রিটার্নিং কর্মকর্তার ওপর চাপিয়ে দিয়েছে। এ জন্য গত রোববার রিটার্নিং কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে।
তবে নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ প্রথম আলোকে বলন, তিনি এখনো কোনো চিঠি পাননি।
ঢাকা সিটিতে ভোটার তালিকা হালনাগাদ
আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকার দুই সিটি করপোরেশনে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। এবারও বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীরা ভোটার হওয়ার যোগ্য নর-নারীর তথ্য সংগ্রহ করবেন। তবে নিবন্ধনের সময় ভোটারদের সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে যেতে হবে। ইসি গত ১৫ মে থেকে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে।