কারও ভয়ে থেমে যাব না: মেয়র আইভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘উন্নয়নের পাশাপাশি নারায়ণগঞ্জের যেখানে অন্যায়–অত্যাচার হবে; যারা অন্যায়–অত্যাচার করবে, তাদের বিরুদ্ধে আমি কথা বলবই। কারও ভয়ে আমি থেমে যাব না।’

মেয়র আইভী রোববার সকালে নগরের আমলাপাড়া দরগাহ বাড়ি এলাকায় সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে এ কথা বলেন।

মেয়র বলেন, ‘বহু মানুষ ভয়ে অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। কিন্তু আমি তাদেরই একজন হয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলব। যার যার অবস্থান থেকে মানুষের সেবা করার জন্য রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের সেবা না করে যারা নিজেদের স্বার্থের কথা ভাবে, তারা রাজনীতির নামে মানুষকে ব্যবহার করে। এ ধরনের অপরাজনীতি পরিহার করতে হবে।’

উদ্বোধন করা প্রকল্পের আওতায় নগরীর আমলাপাড়া, মাসদাইর, গলাচিপা, জামতলা, আল্লামা ইকবাল রোড, নবাব সিরাজদ্দৌলা রোড ও নবাব সলিমুল্লাহ রোডে সিসি রোড ও ব্রিক ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে। ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহসভাপতি বদিউজ্জামান বাদল, কালির বাজার বণিক সমিতির সভাপতি রহমত উল্লাহ ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে মেয়র আইভী এলাকার বিভিন্ন স্থানে উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।