জাতীয় পার্টির (জাপা) মন্ত্রিসভায় স্থান পাওয়া এবং একই সঙ্গে সংসদের বিরোধী দলে থাকা নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে খোদ আওয়ামী লীগে। জাপাকে নিয়ে এখন দলটি দুই ভাগে বিভক্ত। দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এ মতপার্থক্য লক্ষ করা গেছে।
আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা মনে করেন, একই সঙ্গে ‘সরকার’ ও ‘বিরোধী দলে’ থাকলে সরকারের ভুলগুলো ধরিয়ে দেওয়া কিংবা সমালোচনা করা যায় না। নৈতিক কারণে এটা করার সুযোগও থাকে না। সুতরাং জাতীয় পার্টিকে মন্ত্রিপরিষদে রাখা এবং সংসদে বিরোধী দলে থাকাকে সংবিধানবহির্ভূত ও গণতন্ত্রপরিপন্থী বলে তাঁরা মনে করেন।
এ বিষয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘আমরা একটি নির্ভেজাল বিরোধী দল চাই, যারা সরকারের গঠনমূলক সমালোচনা করবে। মাথাটা সরকারি দলের, আর লেজটা বিরোধী দলের—এটা করা যাবে না। মাথা-লেজ বিরোধী দলের আর পেট সরকারি দলের; এটাও হয়ও না, হবেও না।’ তিনি বলেন, খোন্দকার দেলোয়ার হোসেন বনাম রাষ্ট্রের মামলায় বিচারপতি মোস্তাফা কামাল একটি পর্যবেক্ষণ দিয়েছিলেন। ওই পর্যবেক্ষণে তিনি বলেছিলেন, একই সঙ্গে সরকারে ও বিরোধী দলে থাকা অনৈতিক, গণতান্ত্রিক শিষ্টাচার ও সংবিধানবহির্ভূত।
আর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, একই সঙ্গে সরকারি এবং বিরোধী দলে থাকা সমীচীন নয়। কারণ, একই সঙ্গে সরকার ও বিরোধী দলে থাকলে সরকারের খারাপ কাজের সমালোচনা করা যায় না।’
আওয়ামী লীগের অন্য কয়েকজন নেতার মতে, জাতীয় পার্টি আওয়ামী লীগের দীর্ঘদিনের মিত্র দল। এরশাদের নানা নাটক সত্ত্বেও জাপার বেশ কয়েকজন নেতা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে সহায়তা করেছেন। বর্তমান নির্বাচনকে গ্রহণযোগ্য করতে তাদের ভূমিকা সবচেয়ে বেশি। সুতরাং দলটিকে স্রেফ বিরোধী দলে রাখা সম্ভব হয়নি। আর দলটিকে কাছে রাখারও কৌশল এটা।
বাংলাদেশ সংবিধানের ৭০ অনুচ্ছেদ উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা বলছেন, এখানে দলের কথা বলা হয়েছে, জোটের কথা বলা হয়নি। ফলে সংসদে ফ্লোর ক্রসিংয়েরও কোনো সমস্যা নেই। মতবিরোধ হলে তারা বিভিন্ন বিল ও আইনি বিষয়ে ভোটদানে বিরত থাকতে পারেন। ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোন ব্যক্তি সংসদ-সদস্য নির্বাচিত হইলে, তিনি যদি উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে।’ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সম্পর্ক কী, সেটা সরাসরি প্রধানমন্ত্রীর বিষয়।
এ বিষয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের একজন প্রভাবশালী সদস্য প্রথম আলোকে বলেন, বর্তমান সরকার হলো ঐকমত্যের সরকার। জাতীয় পার্টি একই সঙ্গে সরকার ও বিরোধী দলে থাকলে সমস্যা কী, সেই প্রশ্নও করেন এই উপদেষ্টা।
আর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ব্যাখ্যা হলো, ‘যাঁরা মন্ত্রী আছেন তাঁরা সরকারের সমালোচনা করবেন না। কিন্তু জাতীয় পার্টির যেসব সাংসদ বিরোধী দলে থাকবেন, তাঁরা অবশ্যই বিরোধিতা করতে পারবেন। এতে ফ্লোর ক্রসিংয়ের মতো সমস্যা হবে না।’
আসলে জাতীয় পার্টির অবস্থান কী হবে, জাতীয় পার্টির সংসদীয় দল এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। আজ মঙ্গলবার দলটির সংসদীয় বৈঠক শেষে এ কথা জানান আরেক প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
এদিকে সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির ভূমিকা কী হবে, সেটা নিয়ে আওয়ামী লীগও সিদ্ধান্ত নিতে পারেনি।