কারও মতে দুর্ঘটনা, কেউবা বলছে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পূর্ব ফিরোজশাহ কলোনি এলাকায় আজ বৃহস্পতিবার সকালে রাজিব চৌধুরী ও তাঁর স্ত্রী সঞ্চিতা শীলের রহস্যজনক মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। ছবি: জুয়েল শীল
চট্টগ্রামের পূর্ব ফিরোজশাহ কলোনি এলাকায় আজ বৃহস্পতিবার সকালে রাজিব চৌধুরী ও তাঁর স্ত্রী সঞ্চিতা শীলের রহস্যজনক মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। ছবি: জুয়েল শীল

চট্টগ্রামের আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনি এলাকায় আজ বৃহস্পতিবার সকালে এক দম্পতির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন রাজিব চৌধুরী (৪০) ও তাঁর স্ত্রী সঞ্চিতা শীল (৩৫)। পুলিশ প্রাথমিকভাবে ছাদের রেলিং ভেঙে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করলেও পরিবারের দাবি, পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে।

রাজিব পূর্ব ফিরোজ শাহ বালিকা উচ্চবিদ্যায়লের ইংরেজির শিক্ষক। সঞ্চিতা হাটহাজারী উপজেলার খাদ্য পরিদর্শক। এই দম্পতির দুই মেয়ে রয়েছে। বাসার গৃহকর্মী সুপ্তি পাল প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ছয়টার বাসার তিনতলার ছাদে রেলিং ঘেঁষে থাকা দুটি গাছ থেকে ফুল তুলতে যান সঞ্চিতা। নিচে ফুল কুড়াতে যান তাঁর স্বামী রাজিব। এ সময় তাঁদের দুই মেয়ে ঘুমিয়ে ছিল। হঠাত্ প্রচণ্ড শব্দ পেয়ে সুপ্তি নিচে গিয়ে দেখতে পান ছাদের রেলিং ভেঙে সঞ্চিতা রাজিবের ওপর পড়ে আছেন। রাজিব ঘটনাস্থলে মারা যান। তবে সঞ্চিতার সেই সময় জ্ঞান ছিল। পরে আশপাশের লোকজন এসে তাঁকে হাসপাতালে নিয়ে যায়।

নির্মাণাধীন ওই তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন এই দম্পতি। নিচতলায় একটি পরিবার থাকেন। আর তৃতীয় তলায় ছাদ ঢালাই দেওয়া হয়েছে। সেই ছাদে থাকা ফুলগাছ থেকে ফুল সংগ্রহ করতে গিয়ে রেলিং ভেঙে পড়ে যান সঞ্চিতা।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী নূর হোসেনের ভাষ্য, সকালে নামাজ শেষে মসজিদ থেকে ফিরে কাছেই দোকানে চা খাচ্ছিলেন তিনি। এমন সময় রাজিব স্যার ও তাঁর স্ত্রী ছাদ থেকে পড়ে গেছেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তিনি। সেখানে রাজিবের ওপর সঞ্চিতাকে পড়ে থাকতে দেখেন তিনি। তাঁদের ওপর রেলিংয়ের ইট পড়ে ছিল।

কয়েকজন প্রতিবেশী এই প্রতিবেদককে বলেন, কোনো ধরনের নাশকতার ঘটনা হলে আশপাশের লোকজন টের পেত। কিন্তু সে ধরনের কোনো চিত্কার বা শব্দ তাঁরা পাননি।

রাজিবের ভাই অভিজিত মর্গে এই প্রতিবেদকের কাছ অভিযোগ করেন, তাঁর ভাইয়ের মাথায় ধারালো অস্ত্রের চারটি কোপের চিহ্ন রয়েছে। সঞ্চিতার হাতের রগ কাটা। তবে কারও সঙ্গে তাঁদের কোনো ধরনের দ্বন্দ্ব ছিল বলে পরিবারের জানা নেই।

সঞ্চিতার মা কল্পনা শীল অভিযোগ করেন, তাঁর মেয়ে ও জামাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ফুল তুলতে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে যান সঞ্চিতা। আর নিচে থাকা তাঁর স্বামী হয়তো স্ত্রীকে ধরতে গিয়ে নিজেই চাপা পড়েন। পুলিশ ফুল তোলার দুটি বাটি জব্দ করেছে। পরিবারের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ করলে তা খতিয়ে দেখা হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, ভোর সাড়ে ছয়টার দিকে পুলিশ বাসার নিচ থেকে এই দুজনের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।