শিক্ষাঙ্গনে সন্ত্রাস সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘সন্ত্রাসী কোন দলের তা দেখার কথা নয়। সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবেন। কারও মুখের দিকে তাকাবেন না।’
গতকাল সোমবার সিলেট মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, যারাই শিক্ষাপ্রতিষ্ঠানে গন্ডগোল করুক, একটা পর্যায়ে দেখা গেছে সেখানে ছাত্রের চেয়ে অছাত্র বেশি থাকে। কিছু বহিরাগতও এর সঙ্গে জড়িত থাকে। তাৎক্ষণিক ব্যবস্থা নিলে এ ধরনের ঘটনা অনেকটা নিয়ন্ত্রণ করা যায় বলে মত দেন তিনি।
মন্ত্রিপরিষদের সভাকক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সিলেট, মৌলভীবাজার, পাবনা ও রাজশাহীর বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদের প্রশাসক, উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন।
প্রধানমন্ত্রী স্থানীয় পুলিশ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের এলাকার বিভিন্ন তথ্য নিয়ে প্রস্তুত থাকার পরামর্শ দিয়ে বলেন, ‘আপনারা তথ্য-উপাত্ত নিয়ে রেডি থাকবেন। আমি যেকোনো সময় এলাকার যেকোনো বিষয়ে জানতে চাইব।’
শেখ হাসিনা বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য এই সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে স্থানীয় পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড কোথায় আছে, কোনো সমস্যা আছে কি না, আইনশৃঙ্খলা পরিস্থিতির হালচাল, স্বাস্থ্যসেবার চিত্রসহ বিভিন্ন বিষয় জানতে চায় সরকার।
মন্ত্রীদের নিজ এলাকায় ভিডিও কনফারেন্স করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ দেশে কেউ যাতে গৃহহীন ও শিক্ষাহীন না থাকে, সে জন্য সবাইকে কাজ করতে হবে। খাসজমি খুঁজে বের করে তা ভূমিহীনদের দেওয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম ও পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ প্রধানমন্ত্রীকে জানান, ওই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। তবে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান স্থানীয় সরকারকে পূর্ণাঙ্গ ও শক্তিশালী করার অনুরোধ রাখেন প্রধানমন্ত্রীর কাছে। ওই জেলা পরিষদের জন্য দেওয়া তিন কোটি দুই লাখ টাকা যথেষ্ট নয় বলেও উল্লেখ করেন তিনি। জবাবে প্রধানমন্ত্রী বলেন, এই বাজেট ছাড়াও জেলার জন্য অন্যান্য মন্ত্রণালয়ের প্রকল্প ও বরাদ্দ রয়েছে।
বড়লেখা পৌরসভার মেয়র ফখরুল ইসলাম বলেন, তিন বছর আগে শুরু হওয়া এই পৌরসভার নিজস্ব ভবন নেই। যে বরাদ্দ দেওয়া হয়, তা যথেষ্ট নয়। জবাবে প্রধানমন্ত্রী বলেন, এগুলো আস্তে আস্তে হবে।
কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম বলেন, ওই এলাকা থেকে গ্যাস উত্তোলন করা হলেও এলাকাবাসী গ্যাস থেকে বঞ্চিত হয়। তিনি এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা ও মনু নদের ভাঙনের কথা জানান প্রধানমন্ত্রীকে।
জবাবে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে উপস্থিত পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে মনু নদের ভাঙন রোধে নদী শাসনের নির্দেশ দেন।
মৌলভীবাজারের হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলো ভালো চলছে—জেলা সিভিল সার্জনের কাছ থেকে এ তথ্য জানার পর প্রধানমন্ত্রী বলেন, ‘চিকিৎসকেরা সেখানে থাকেন, সেবা দেন, এটা জেনে খুশি হলাম।’ প্রধানমন্ত্রী চা-শ্রমিকদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী পাবনার জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে ওই এলাকার চিত্র জানতে চান। জেলা প্রশাসক জানান, সেখানে এখন জঙ্গি তৎপরতা নেই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন হতে যাচ্ছে।
রাজশাহী ও সিলেটের বিভাগীয় কমিশনারের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কেও জানতে চান প্রধানমন্ত্রী। এ সময় সিলেটের পুলিশ কমিশনার মো. কামরুল আহসান জানান, ২০ নভেম্বরের ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারলে হতাহতের সংখ্যা আরও বাড়ত। তিনি ঘটনার পর তিনটি মামলা ও ৩১ জনকে গ্রেপ্তারের কথা জানান। এ সময় প্রধানমন্ত্রী কারও মুখের দিকে না তাকিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ভিডিও কনফারেন্সের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, প্রধানমন্ত্রী মাসে অন্তত দুটি ভিডিও কনফারেন্স করবেন। এর লক্ষ্য স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড, সমস্যা, সংকট ও সম্ভাবনার বিষয়গুলো জানা এবং সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
ভিডিও কনফারেন্সের আগে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মালয়েশিয়ার সঙ্গে দুটি সমঝোতা স্মারকের অনুমোদন দেওয়া হয়। ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর করবেন। তখন পর্যটন বিষয়ে একটি এবং সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ে আরেকটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
গতকালের বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ কোরিয়া সফর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ইন্দোনেশিয়ায় সপ্তম বালি ডেমোক্রেসি ফোরামে অংশ নেওয়ার বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করেন।