কারও সঙ্গে আমরা আপস করি না: ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহিম বলেছেন, ‘আমাদের ওপর কোনো নির্দেশ নেই, কারও সঙ্গে আমরা আপস করি না। আপস করি সংবিধান ও আইনের সঙ্গে।’
গতকাল বুধবার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান এ কথা বলেন। বেলা ১১টায় এজলাসে আসন গ্রহণের পরপরই তিনি এ কথা বলেন। এ সময় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম বলেন, ‘আজ (বুধবার) আমরা আসামি মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলায় রায়ের দিন ধার্য করেছি। এটা এই ট্রাইব্যুনালের চতুর্থ রায়, তবে আমি ওই রায়গুলোর অংশ ছিলাম না। আমি এই ট্রাইব্যুনালে যোগ দেওয়ার পর প্রথম রায় হচ্ছে। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ দীর্ঘদিন ধরে এই রায়ের অপেক্ষায় ছিলেন। আমরাও অপেক্ষায় ছিলাম, কখন এ রায় দিতে পারব। এই দীর্ঘ অপেক্ষার কারণে বিভিন্ন মহল ও গণমাধ্যমে নানা কথা উঠেছে। বিচারক হিসেবে এসব কথা আমলে নেওয়া বা এর জবাব দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই। জবাব দেওয়া সমীচীনও নয়।’