কারও সুযোগ-সুবিধাই কমবে না: অর্থমন্ত্রী
বর্তমানে সরকারি কর্মচারীরা যেসব সুযোগ-সুবিধা পাচ্ছে, তার কিছুই কমানো হবে না। বরং আরও কীভাবে বাড়ানো যায়, সে চিন্তা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ রোববার দুপুরে বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর অনুষ্ঠিত ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁকে এ নির্দেশনা দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তৃতীয়, দ্বিতীয় ও প্রথম ধাপেও কীভাবে বেতন-ভাতা দেওয়া যায়, সে ব্যবস্থাও করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, মন্ত্রিসভা কমিটিতে সবার অভিমত হচ্ছে, ইতিবাচক সমাধান দরকার। চলতি সপ্তাহের মধ্যে নতুন বেতন কাঠামোর খসড়া আইন মন্ত্রণালয়ে পরীক্ষা-নিরীক্ষার (ভেটিং) জন্য পাঠানো হবে। ভেটিং শেষে তা অর্থ মন্ত্রণালয়ে ফেরত আসবে। তখন তা পাঠানো হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পাওয়ার পর প্রজ্ঞাপন জারি হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, নতুন কাঠামোতে ব্যাপকভাবে বেতন-ভাতা বাড়ানোর কথা বলা হয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে, যারা এতদিন যেসব সুবিধা পেয়ে আসছেন, তার চেয়েও বেশি দেওয়া। কমানোর কোনো উদ্দেশ্য আমাদের নেই। বেতন কমিশনের প্রতিবেদন, সচিব কমিটির প্রতিবেদন ও মন্ত্রিসভা—কোথাও সুযোগ-সুবিধা কমানোর কথা বলা হয়নি।
সিলেকশন গ্রেড ও টাইম স্কেল থাকছেই না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ১০ বছর পর কর্মচারীরা স্বয়ংক্রিয়ভাবে এক ধাপ ওপরের বেতন-ভাতা পাবেন। ১৫ বছর পর আবার আরেক ধাপ ওপরে বেতন-ভাতা পাবেন।
অর্থমন্ত্রী কথা বলার সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল আলম, অর্থসচিব মাহবুব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।