কারও সুযোগ-সুবিধাই কমবে না: মুহিত
সরকারি চাকরিজীবীরা বর্তমানে যেসব সুযোগ–সুবিধা পাচ্ছেন, অষ্টম বেতনকাঠামোতে তার কিছুই কমানো হবে না। বরং তা আরও কীভাবে বাড়ানো যায়, সে চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে গতকাল রোববার বেতনবৈষম্য নিরসনসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব কথা জানান।
অর্থমন্ত্রী কথা বলার সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আইনমন্ত্রী আনিসুল হক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল আলম, অর্থসচিব মাহবুব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, চলতি সপ্তাহেই নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপনের খসড়া আইন মন্ত্রণালয়ে পরীক্ষা-নিরীক্ষার (ভেটিং) জন্য পাঠানো হবে। ভেটিং হয়ে এলে তা পাঠানো হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। তারপর হবে প্রজ্ঞাপন, যা ১ জুলাই থেকে কার্যকর করা হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন বেতনকাঠামো নিয়ে কয়েকবার আলোচনা হয়েছে জানিয়ে আবুল মাল আবদুল মুহিত বলেন, সেখান থেকেও (প্রধানমন্ত্রী) এই নির্দেশনা এসেছে যে কারও সুযোগ-সুবিধা কমানো যাবে না। বরং সুবিধা আরও বাড়ানো যায় কি না, সে চিন্তা করতে বলা হয়েছে।
সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এটা বাদ দিয়ে দিয়েছি। নতুন ব্যবস্থা করছি। সেটা হচ্ছে ১০ বছর পার হলে ১১ বছরের মাথায় কর্মচারীদের স্বয়ংক্রিয়ভাবে ওপরের ধাপে (গ্রেড) বেতন-ভাতা দেওয়া হবে। তারপর ১৫ বছর পার হলে ১৬ বছরের মাথায় তাঁরা আরেক ধাপ ওপরে উঠে যাবেন।’ সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের পরিবর্তে এটাই শ্রেষ্ঠ উপায় বলে মনে করেন অর্থমন্ত্রী।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন, প্রকৃচি (প্রকৌশলী-কৃষিবিদ-চিকিৎসক), বিসিএস সাধারণ শিক্ষা সমিতিসহ অনেকেই নতুন বেতনকাঠামো নিয়ে আপত্তি তুলেছে এবং মন্ত্রীদের সঙ্গে তারা বৈঠকও করেছে—এ কথা উল্লেখ করে মুহিত বলেন, ‘তাঁদের আগের সুযোগসুবিধা কিছুই নাকচ করছি না। এগুলো বরং নতুন কাঠামোতে সমন্বয় করে দেব।’
নতুন কাঠামোতে ব্যাপকভাবে বেতন-ভাতা বাড়ানো হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। নিয়মিতভাবেই সবার বেতন-ভাতা বাড়বে।’ অর্থমন্ত্রী মনে করেন, নতুন বেতনকাঠামো একটি ভালো কাঠামো, এমনকি তা বেসরকারি খাতের চেয়েও ভালো। এর মাধ্যমেই সবাই সুখে-শান্তিতে বসবাস করতে পারবেন।
অর্থমন্ত্রী বলেন, ‘এত দিন যাঁরা যেসব সুযোগ-সুবিধা পেয়ে আসছেন, সেগুলো কমানোর কোনো উদ্দেশ্য আমাদের নেই। বেতন কমিশনের প্রতিবেদন, সচিব কমিটির প্রতিবেদন এবং মন্ত্রিসভা—কোথাও সুযোগ-সুবিধা কমানোর কথা বলা হয়নি।’
আগে ছয়-সাতটি ক্যাডার এক নম্বর ধাপে (গ্রেড-১) যেতে পারত উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এখন প্রত্যেক ক্যাডারের লোক এক নম্বর ধাপে যেতে পারবে। সেই ব্যবস্থাই করা হচ্ছে। আজকের (গতকাল) সভায় সবার অভিমতও হচ্ছে ইতিবাচক সমাধান। সেটাই হতে যাচ্ছে।
এত দিন যাঁরা বেতনকাঠামোর চতুর্থ ধাপে এসে আটকে থাকতেন, তাঁরা তৃতীয়, দ্বিতীয় এমনকি প্রথম ধাপেও কীভাবে আসতে পারেন, সেই ব্যবস্থাও করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকদের অভিযোগ ও ধারণা হয়েছে যে তাঁদের সুযোগ-সুবিধা বুঝি কমে গেল। ব্যাপারটা মোটেও সত্য নয়।
দেশে তিন লাখের বেশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘তাঁদেরও বেতনবৈষম্য আছে। সেই বৈষম্য রাখতে চাই না। যেভাবেই হোক বৈষম্য নিরসনে ব্যবস্থা একটা করব।’
ব্রিফিং শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের কোনো প্রশ্ন না নিয়েই উঠে যান। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার মনে হয়, এ বিষয়ে আপনাদের প্রশ্ন করার আর কিছু নেই।’ এরপর অনুরোধ করলেও তিনি রাখেননি।
অর্থমন্ত্রী না জানালেও বৈঠক সূত্রে জানা গেছে, সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ সরকারের অন্য দপ্তরের শীর্ষ পর্যায়ের কয়েকটি পদকে সিনিয়র সচিবদের পদমর্যাদায় উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। আইন মন্ত্রণালয়ে পাঠানোর জন্য যে খসড়া তৈরি হবে, তাতে তা উল্লেখ থাকবে।
‘আমি কী অপরাধ করেছি’: মন্ত্রিসভার বৈঠকের আগে গতকাল সকালে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্যজোটের একটি প্রতিনিধিদল। জোটের পক্ষ থেকে পাঁচ দফা দাবির কথা জানানো হয়। এগুলো হচ্ছে প্রধান শিক্ষকদের তুলনায় সহকারী শিক্ষকদের বেতন শুধু এক ধাপ নিচে রাখা, প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ বন্ধ রাখা, টাইম স্কেল বহাল রাখা, ১০ শতাংশ বার্ষিক বৃদ্ধি (ইনক্রিমেন্ট) এবং স্বতন্ত্র বেতনকাঠামো।
অর্থমন্ত্রী প্রধান শিক্ষকদের সরাসরি নিয়োগ না দেওয়ার দাবিটি তাৎক্ষণিকভাবেই নাকচ করে দেন। তবে প্রধান শিক্ষকদের তুলনায় সহকারী শিক্ষকদের বেতনের ব্যবধান যে বেশি, তা স্বীকার করে ব্যবধান কমিয়ে আনার আশ্বাস দেন। লিখিত বক্তব্যের পর জোটের সাধারণ সম্পাদক সাবেরা বেগম অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘২৬ বছর একই পদে আছি। আমি কী অপরাধ করেছি? নিজের জীবনই স্বপ্নহীন আমার, শিশুদের কী স্বপ্ন দেখাব।’
এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘শিক্ষকতা একটি ভিন্ন ধরনের পেশা, অন্য পেশার মতো নয়। আর আপনারা বলছেন কী করে শিশুদের স্বপ্ন দেখাবেন?’