‘ভারতে কৃষিজমি নষ্ট হয়, পরিবেশ-প্রকৃতি বিরূপ হয়, বাংলাদেশে হয় না?’ এ প্রশ্ন তুলেছেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির নেতারা। কমিটির নেতাদের অভিযোগ, আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা হলে এই রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করা অনুচিত। কিন্তু সরকার বিশেষ কারও স্বার্থ রক্ষায়, বিশেষজ্ঞদের মতামতকে উড়িয়ে দিয়ে তড়িঘড়ি করে এই কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে।
নেতারা আরও বলেন, যে প্রতিষ্ঠানকে ভারত আইনি আওতার বাইরে বলে নিজ দেশের গুজরাটসহ কয়েকটি প্রদেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে দেয়নি, সেই ভারতীয় প্রতিষ্ঠান এনপিটিসিকে দিয়েই বাংলাদেশ সরকার পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করাচ্ছে। গতকাল শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি আয়োজিত ‘রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের কারণে সুন্দরবনের ওপর প্রভাব’ শীর্ষক এক মতবিনিময় সভায় নেতারা এসব অভিযোগ করেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আবদুল মতিনের সঞ্চালনায় সভায় মূল বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞানের অধ্যাপক আবদুল্লাহ হারুন চৌধুরী। ২০১০ সালে বিদ্যুৎ প্রকল্পের জন্য রামপালে জমি অধিগ্রহণের পর থেকে এ পর্যন্ত (দুই বছর ধরে) করা গবেষণার ফলাফল সভায় তুলে ধরেন তিনি। অধ্যাপক চৌধুরী জানান, প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির বেশির ভাগই কৃষিজমি। ফলে এসব কৃষিজমিসহ এ এলাকার ধান, মাছ, গৃহপালিত পশুপাখির উৎপাদন ধ্বংস হবে।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র মারাত্মক পরিবেশদূষণ ঘটায় বলে বিশ্বের বিভিন্ন দেশে সংরক্ষিত বনভূমি ও বসতির ১৫ থেকে ২০ কিলোমিটারের মধ্যে এটি নির্মাণের অনুমোদন দেওয়া হয় না। ভারতীয় আইনেও এই কারণে এনপিটিসিকে প্রকল্প চালু করতে দেওয়া হয়নি।
সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মাহবুবুল মোকাদ্দেম, প্রাণিবিদ্যা ও জীববৈচিত্র্য বিভাগের অধ্যাপক মো. আবুল বাশার, ডব্লিউএআরপিওর সাবেক মহাপরিচালক ইনাম উল হক প্রমুখ।